চীনা মালিকানাধীন ইস্পাত কোম্পানির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাজ্য

জরুরি আইনের অধীনে চীনা মালিকানাধীন ব্রিটিশ স্টিল কোম্পানির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাজ্য সরকার।

জরুরি আইনের অধীনে চীনা মালিকানাধীন ব্রিটিশ স্টিল কোম্পানির নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাজ্য সরকার। এ পদক্ষেপের মাধ্যমে ইস্পাত কারখানাটি পরিচালনায় স্থিতিশীলতা ও কর্মসংস্থান রক্ষার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশাসন। খবর বিবিসি।

ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষের এমপি ও লর্ডদের ইস্টারের ছুটি থেকে ফিরিয়ে এনে গত শনিবার এক অত্যন্ত বিরল অধিবেশনে এ আইন নিয়ে আলোচনা করা হয়। কমন্স ও লর্ডস দুই কক্ষে পাসের পর আইনটি রাজকীয় সম্মতি পেয়েছে।

নতুন আইনে ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডসকে কারখানার ব্যবস্থাপনা এবং শ্রমিকদের নিয়ন্ত্রণের বিষয়ে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে, যাতে উৎপাদন অব্যাহত থাকে। এ আইনের আওতায় সম্পদ সুরক্ষিত করতে প্রয়োজনে জোরপূর্বক প্রবেশের অনুমতিও অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্য করে বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস জানিয়েছেন, সরকারের পরবর্তী পদক্ষেপ হবে কোম্পানির স্কানথর্প প্লান্ট জাতীয়করণ, যেখানে ২ হাজার ৭০০ কর্মী কাজ করছেন। মালিক প্রতিষ্ঠান জিংয়ে প্লান্টটির দুটি ব্লাস্ট ফার্নেস (লোহা গলানোর চুল্লি) বন্ধ করার পরিকল্পনা করেছিল। প্রতিষ্ঠানটির এ পদক্ষেপ রোধে বাধ্য হয়ে তাকে জরুরি ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে বলেও জানান জোনাথন রেনল্ডস। এ চুল্লিগুলো বন্ধ হয়ে গেলে যুক্তরাজ্যে কাঁচামাল থেকে নতুন ইস্পাত উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেত।

আইনটি রাজকীয় সম্মতি পাওয়ার পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেছেন, ‘আমার সরকার ব্রিটিশ ইস্পাতকে বাঁচাতে পদক্ষেপ নিয়েছে। আমরা হাজার হাজার শ্রমিকের চাকরি রক্ষা করার জন্য কাজ করছি এবং এ শিল্পের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সব বিকল্প টেবিলে রয়েছে। ইস্পাত শিল্প আমাদের ইতিহাসের গর্ব। আমি চাই এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।’

তবে জিংয়ে আপাতত প্রতিষ্ঠানটির মালিকানা ধরে রাখবে। সরকার আশাবাদী, লোকসানের হাত থেকে কারখানাটি বাঁচাতে তারা বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করতে পারবে।

আরও