ইউএসডিএর পূর্বাভাস

ইউক্রেনে বাড়তে পারে গম উৎপাদন

ইউক্রেনে ২০২৫-২৬ বিপণন বর্ষে গম উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ বাড়তে পারে।

ইউক্রেনে ২০২৫-২৬ বিপণন বর্ষে গম উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৪ শতাংশ বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার সার্ভিস (এফএএস) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বিপণন বর্ষে ইউক্রেনের গম উৎপাদন পৌঁছতে পারে ২ কোটি ৩৫ লাখ টনে। এ সময় যব উৎপাদনের পরিমাণ হতে পারে ৫৩ লাখ টন।

ইউএসডিএ আরো জানায়, ইউক্রেনে গত বুধবার পর্যন্ত জমি থেকে ভুট্টা সংগ্রহ সম্পন্ন হয়েছে প্রায় ৯২ শতাংশ। এতে মোট উৎপাদন দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ টনে। এছাড়া বাকি জমি থেকে ২০ লাখ টনের কিছু বেশি শস্য পাওয়া যেতে পারে।

ইউক্রেন ২০২৫-২৬ মৌসুমের প্রথমার্ধে মোট গম ও যব রফতানি করেছে যথাক্রমে ৭৮ লাখ ও ১৩ লাখ টন। শস্য রফতানির এ পরিমাণ ২০২৪-২৫ বিপণন বর্ষের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।

সংস্থাটির বিশ্লেষকরা জানান, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো, রেল ও বন্দর ব্যবস্থা এবং বন্দরে নোঙর করা ও কৃষ্ণসাগরে চলাচলকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ায় ২০২৫ সালে রফতানি কার্যক্রমে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের শুল্ক কোটা চালুও গম রফতানি কমাতে ভূমিকা রেখেছে।

ইউএসডিএ আরো জানায়, চলতি বিপণন বর্ষে ইউক্রেনে মোট যব রফতানি করতে পারে ৩১ লাখ টন। এ সময় গম রফতানির পরিমাণ দাঁড়াতে পারে ১ কোটি ৪৩ লাখ টন।

তবে সংস্থাটি জানিয়েছে, শুধু কৃষ্ণসাগরীয় বন্দরগুলোর কার্যক্রম এবং রেলপথে শস্য পরিবহন স্বাভাবিক থাকলে এ প্রাক্কলন বাস্তবায়ন হবে।

আরও