দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের টিকিয়ে রাখতে স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।
উইমেন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গতকাল দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান বক্তারা। সভায় দেশের বিভিন্ন জেলার উইমেন চেম্বারের নারী উদ্যোক্তা ও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উদ্যোক্তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় নারী উদ্যোক্তারা জানান, নারীদের সহজ শর্তে ঋণ দেয়ার কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যায় না। কেন্দ্রীয় ব্যাংক এজন্য প্রয়োজনীয় নির্দেশ দিলেও জেলা ও উপজেলা পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকগুলোয় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খান। তিনি বলেন, ‘মাঠপর্যায়ে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে প্রাপ্ত সুপারিশ সরকারের কাছে তুলে ধরা হবে।’
এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, ‘অর্থনৈতিক কার্যক্রমগুলোয় নারীদের আমরা পুরোপুরি সংযুক্ত করতে পারিনি। তবে স্বাধীনতার পর থেকে দেশের নারীরা অনেক এগিয়ে গেছে।’
উইমেন অন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, ‘দেশের নারীদের উন্নয়নে বেশকিছু নীতিমালা আছে। তবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন দরকার।’
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) সিইও ফেরদৌস আরা বেগম বলেন, ‘সরকার নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে আগ্রহী। এজন্য অনেক নারীবান্ধব নীতি ও বিধি প্রণয়ন করা হয়েছে। কিন্তু জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের নারী উদ্যোক্তারা তা জানেন না।’ সরকারের সহযোগিতা ও সুবিধাগুলো সম্পর্কে জানতে এবং কমপ্লায়েন্স মেনে সেগুলো গ্রহণ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শি-ট্রেডস ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেনের সিনিয়র অ্যাডভাইজার তানভীর আহমেদ। নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুলতানা ইয়াসমীন।