ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম। গত ১ নভেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করেন। ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে তার প্রায় ২৯ বছরের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে ব্যাংক পরিচালনা, ব্যবসায়িক কার্যক্রম, ঝুঁকি ব্যবস্থাপনা, বৈদেশিক রেমিট্যান্স ও আর্থিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তিনি।
এর আগে তিনি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে পরিচালক এবং সিটিব্যাংক এনএ-তে রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করেছেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি বিডি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৭ সালে ঢাকা ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন মোহাম্মদ রফিকুল ইসলাম। এরপর দেশী-বিদেশী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম ও আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞতা অর্জন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি যুক্তরাজ্যের ওমেগা থেকে সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনাল সনদ অর্জন করেছেন। ব্যাংকিং কার্যক্রম পরিচালনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক সেবা খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা ইউসিবির পরিচালন দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।