বাংলাদেশ ব্যাংকের পৃথক দুটি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আইসিটি খাতের উন্নয়নে ৪ শতাংশ সুদে এবং সবুজ শিল্প প্রতিষ্ঠা ও সবুজ কারখানা ভবন স্থাপনে ৫ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দেবে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে পৃথক দুটি অংগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে বেসরকারি খাতের ব্যাংকটি। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
বেসরকারি খাতের ব্যাংকটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রিজ পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে পরিবেশবান্ধব কারখানা ও ভবন নির্মাণ উৎসাহিত করা হবে। ফলে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক বাজারে স্বনামধন্য ক্রেতাদের আকর্ষণ করার মাধ্যমে রফতানি সক্ষমতা বৃদ্ধি ও পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে। এ স্কিমে মোট এক হাজার কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে; যার অধীনে একজন একক গ্রাহক ৫ শতাংশ সুদে সর্বোচ্চ ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইসিটি খাতের পুনঃঅর্থায়ন স্কিমটি উন্নয়ন পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও এর উপখাতগুলোর উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। এছাড়া হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্কে উৎপাদিত পণ্য ও সেবা এবং নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হবে। এ স্কিমেও ১ হাজার কোটি টাকার (ঘূর্ণায়মান) তহবিল বরাদ্দ করা হয়েছে, যেখানে একজন গ্রাহক ৪ শতাংশ সুদে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।