খাদ্য ও আনুষঙ্গিক খাতের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৩০ দশমিক ৬০ শতাংশ। ব্যবসা থেকে আয় কমে যাওয়ার পাশাপাশি অতীতের দায় পুনর্মূল্যায়ন এবং প্রযুক্তি ও ট্রেডমার্কের রয়্যালটি ফি আরোপ করার কারণে মুনাফা কমে গেছে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।
তথ্যানুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৯ টাকা ৮৯ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৩০ দশমিক ৬০ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬ টাকা ৮৩ পয়সায়।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২২ টাকা ২১ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩৯ টাকা ৬০ পয়সায়।
১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডকে ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণের পর ২০২০ সালের ২৬ নভেম্বর থেকে কোম্পানিটির নতুন নাম হয় ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২১৬ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮। এর মধ্যে ৯২ দশমিক ৮০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৬০, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার সর্বশেষ ২ হাজার ৫০১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১ হাজার ৮০১ থেকে ৩ হাজার ৩৭০ টাকার মধ্যে ওঠানামা করেছে।