তিন বছরের বেশি সময় ধরে নিম্নমুখী অবস্থানে রয়েছে দেশের পুঁজিবাজার। মাঝেমধ্যে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা দেখা গেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। তবে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার পরদিন সূচকে নিম্নমুখিতা থাকলেও এর পর থেকে কিছুটা ঊর্ধ্বমুখী পুঁজিবাজার। এক মাসের মধ্যে গতকাল পুঁজিবাজারের সূচকে বড় উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনও বেড়েছে ৫৮ দশমিক ৭ শতাংশ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার। দিন শেষে ডিএসইএক্স সূচক ৫৯ দশমিক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করছে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউসিবি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৬৩ কোটি ৩ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩১৫টির, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত ছিল ৪৬টির বাজারদর।
বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়া ও নিয়ন্ত্রক সংস্থার নেয়া বিভিন্ন উদ্যোগের ফলে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা আশার সঞ্চার হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার পরও বিনিয়োগকারীরা ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন। যে কারণে সূচক ঊর্ধ্বমুখী। তবে সতর্ক বিনিয়োগকারীরা এখনো বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ৯ শতাংশ দখলে নিয়েছে ব্যাংক খাত। ১১ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। বস্ত্র খাত ৮ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৮ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৬০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১০ কোটি ৮৩ লাখ টাকা।