বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান কোলবার্গ ক্রাভিস রবার্টস অ্যান্ড কোম্পানি (কেকেআর) জানিয়েছে, চলতি বছর তাদের বিনিয়োগকারীদের মোট প্রাইভেট ইকুইটি বা পিই মূলধনের অর্ধেক রিটার্নের উৎস হবে এশিয়া। কোম্পানির কো-সিইও জো বে হংকংয়ে আয়োজিত এক বৈশ্বিক আর্থিক সম্মেলনে এ তথ্য জানান। খবর রয়টার্স।
প্রাইভেট ইকুইটি এমন এক ধরনের বিনিয়োগ, যেখানে বিনিয়োগকারীরা বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিগুলোর শেয়ার কিনে নেন। এক্ষেত্রে বড় বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজটি করে প্রাইভেট ইকুইটি ফার্ম। এরপর ওই অর্থ ব্যবহার করে কোনো বেসরকারি কোম্পানির মালিকানা কিনে নেয়া হয়। দুর্বল কোম্পানিকে কিনে পুনর্গঠনও এ ধরনের বিনিয়োগের একটি ধরন। কয়েক বছর পর কোম্পানিটি লাভজনক হলে সেটি বিক্রি বা শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে মুনাফা তুলে নেয়া হয়।
জো বে বলেন, ‘চলতি বছর আমাদের জন্য এশিয়ায় তারল্য বা নগদ রিটার্নের সবচেয়ে বড় বছর হতে যাচ্ছে। কেকেআরের প্রাইভেট ইকুইটি খাতে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা মোট মূলধনের অর্ধেকই আসবে এশিয়া থেকে। এটি অঞ্চলের মূলধন বাজারের বিকাশকে স্পষ্টভাবে নির্দেশ করে।’
বিশ্লেষকরাও বিষয়টিকে এশিয়ায় পিই খাতের পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন। কভিড মহামারী-পরবর্তী সময়ে উচ্চ সুদহার, পুঁজিবাজারের দুরবস্থা ও অনিশ্চিত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং একীভূতকরণ ও–অধিগ্রহণ (এমঅ্যান্ডএ) কার্যক্রম কমে গিয়েছিল। এতে বিনিয়োগকারীদের কাছে মূলধন রিটার্নের পরিমাণও কমে যায়।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানান, কেকেআর এশিয়াভিত্তিক পিই বিনিয়োগ থেকে চলতি বছর বড় অংকের অর্থ বিনিয়োগকারীদের ফেরত দেয়া হয়েছে। ফেরত দেয়া মূলধনের পরিমাণ এরই মধ্যে ৭৩০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
জো বে বলেন, ‘কেকেআর এশিয়া এখন পর্যন্ত আমাদের সবচেয়ে দ্রুতবর্ধনশীল ব্যবসা। বর্তমান বাজার পরিস্থিতিতে এখানেই আমরা সবচেয়ে বেশি নতুন ধরনের সুযোগ দেখছি।’
প্রায় এক দশক স্থবিরতার পর চলতি বছর ঘুরে দাঁড়িয়েছে হংকংয়ের পুঁজিবাজার। গত কয়েক সপ্তাহে টোকিও থেকে তাইপে পর্যন্ত এশিয়ার শেয়ারবাজার সূচকগুলো নতুন উচ্চতায় পৌঁছেছে।
চলতি বছর এশিয়া অঞ্চলে বেশকিছু বড় লেনদেন করেছে কেকেআর। এর মধ্যে শীর্ষস্থানে রয়েছে জাপানের সুপারমার্কেট চেইন সেইইউ ২৫৫ কোটি ডলারে বিক্রি। ভারতের জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসে নিয়ন্ত্রণকারী শেয়ার বা মূল অংশীদারত্ব বিক্রি হয়েছে ১৪০ কোটি ডলারে।
এছাড়া দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই মেরিন সলিউশন কোম্পানিতে আংশিক শেয়ার বিক্রির সঙ্গে যুক্ত ছিল কেকেআর। তিনটি লেনদেনই কেকেআরের প্রাথমিক বিনিয়োগের তুলনায় কয়েক গুণ রিটার্ন পেয়েছে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।