বীমার প্রিমিয়াম ও ফি পরিশোধ আরো সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি। এ অংশীদারত্বের আওতায় পলিসিহোল্ডাররা ইউসিবি ওয়ান ইন্টারনেট ব্যাংকিং ও পেমেন্ট গেটওয়েসহ অন্যান্য ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। পাশাপাশি ব্যাংকটির শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেটেও এ সুবিধা পাওয়া যাবে। ইউসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ইউসিবির হোলসেল ব্যাংকিং ডিভিশনের আওতাধীন ট্রানজেকশন ব্যাংকিং (টিবি) সেবার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সুবিধার সঙ্গে ইউসিবির বিস্তৃত সেবা নেটওয়ার্ক যুক্ত করে চার্টার্ড লাইফের প্রিমিয়াম সংগ্রহের প্রক্রিয়া আরো কার্যকর করা হবে। একই সঙ্গে পলিসিহোল্ডারদের জন্য প্রিমিয়াম পরিশোধও সহজ হবে।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউসিবির হোলসেল ব্যাংকিংয়ের উপব্যবস্থাপনা পরিচালক সুফিয়া আক্তার এবং চার্টার্ড লাইফের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমদাদ উল্ল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হক, চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা আবু আহমদ কবির, এসিএমএ (ইউকে), সিজিএমএ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের মাধ্যমে করপোরেট গ্রাহক ও তাদের সংশ্লিষ্ট অংশীজনদের জন্য সমন্বিত ট্রানজেকশন ব্যাংকিং সেবা আরো বিস্তৃত করতে চায় ইউসিবি। ব্যাংকটির ‘ওয়ান ব্যাংক, ওয়ান টিম’ ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের জন্য কার্যকর ও সহজ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করাও এ উদ্যোগের লক্ষ্য।