আইসিবির শেয়ার বিক্রি করবে বিডিবিএল

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) করপোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) করপোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানটির ১০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। ব্যাংকটির কাছে বর্তমানে আইসিবির ২১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার ৭৯৯টি শেয়ার রয়েছে। ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজারদরে এ শেয়ার বিক্রি করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আইসিবির কর-পরবর্তী সমন্বিত নিট লোকসান হয়েছে ৭৫ কোটি ২৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২৩৬ কোটি ৫২ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত লোকসান কমেছে ৬৮ শতাংশ। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা হয়েছিল ২ টাকা ৭৩ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে আইসিবির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে আইসিবি বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৯ পয়সা।

গত ৩০ জুন শেষে আইসিবির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৫ পয়সায়।

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মুলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮৬৭ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১০ কোটি ৫৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৬ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৯৬১। এর মধ্যে ৬৯ দশমিক ৪৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৭ শতাংশ সরকার, ১ দশমিক ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ১ দশমিক ৭৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

গতকাল ডিএসইতে আইসিবির শেয়ার সর্বশেষ ৬৮ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে প্রতিষ্ঠানটির শেয়ার ৪৭ টাকা ৬০ থেকে ৮৭ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও