গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক আসছে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইআরআইডিপিএনএফএল) অর্থায়নের লক্ষ্যে আগামী ডিসেম্বরে আড়াই হাজার কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক ইস্যু করা হবে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের তিন জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইআরআইডিপিএনএফএল) অর্থায়নের লক্ষ্যে আগামী ডিসেম্বরে আড়াই হাজার কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপিএনএফএল) বিপরীতে শরিয়াহসম্মত ইজারা পদ্ধতিতে আড়াই হাজার কোটি টাকার সাত বছর মেয়াদি এ সুকুক ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর ২০২৫-এ আলোচ্য সুকুকটি ইস্যুর পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সংশ্লিষ্ট তিন জেলার ২০টি উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ, পুনর্বাসন, ঢাল রক্ষাকরণ এবং হাটবাজার ও পর্যটন এলাকার অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সুকুকের মাধ্যমে কৃষি ও অকৃষি অর্থনীতির গতি সঞ্চালন, গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবহন ব্যয় ও সময় হ্রাসের উল্লেখযোগ্য সুযোগ তৈরি হবে। এ কারণে সুকুকটির নামকরণ করা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি) হিসেবে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সরকারি সুকুক ইস্যু করেছে।

আরও