হেলমেট উৎপাদন কারখানা করবে এটলাস ও রানার

পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) ও রানার ট্রেড পার্ক লিমিটেডের (আরটিপিএল) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) ও রানার ট্রেড পার্ক লিমিটেডের (আরটিপিএল) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। হেলমেট উৎপাদনে দুই কোম্পানির মধ্যে এ সমঝোতা চুক্তি হয়। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, এটলাস বাংলাদেশ ও রানার ট্রেড পার্ক ‘‌এটলাস-রানার হেলমেট প্লান্ট’ নামে হেলমেট উৎপাদন কারখানা স্থাপন করবে।

এটলাস বাংলাদেশ ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১ পয়সা, আগের বছরে যা ছিল ২ টাকা ৯৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১১৪ টাকা।

এদিকে লভ্যাংশসংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৪ টাকায়।

এটলাস বাংলাদেশ ১৯৮৮ সালে পুঁজিবাজারে আসে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৩ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৩৬ কোটি ৯১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ২৭ হাজার ১০৮। এর ৫১ শতাংশ রয়েছে বাংলাদেশ সরকারের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৯৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গত এক বছরে এটলাস বাংলাদেশের শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৫ টাকা ৫০ ও ১০৪ টাকা ২০ পয়সা।

আরও