মার্কিন ক্রুজ শিল্পে প্রবৃদ্ধির হার কমার পূর্বাভাস

কভিড-১৯ মহামারীর সূত্রে শূন্যের কোটায় নামা প্রমোদতরীতে ভ্রমণ সাম্প্রতিক বছরগেুলোয় ভালোভাবেই পুনরুদ্ধার হয়েছে।

কভিড-১৯ মহামারীর সূত্রে শূন্যের কোটায় নামা প্রমোদতরীতে ভ্রমণ সাম্প্রতিক বছরগেুলোয় ভালোভাবেই পুনরুদ্ধার হয়েছে। তবে চলতি বছর যুক্তরাষ্ট্রে এ খাতে প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় মন্থর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ট্রাভেল গ্রুপ এএএ। খবর রয়টার্স।

সংস্থাটির সাম্প্রতিক পূর্বাভাস অনুসারে, ২০২৫ সালে প্রায় ১ কোটি ৯০ লাখ মার্কিন যাত্রী ক্রুজ শিপে অবকাশ উদযাপনে যেতে পারেন। ২০২৪ সালের পরিসংখ্যান হিসাব করলে সংখ্যাটি তত বড় নয়। অর্থাৎ কভিড-পরবর্তী সময়ে এ শিল্পে যতটা ঊর্ধ্বগতি দেখা গেছে, তার তুলনায় মন্থর হবে।

২০২৪ সালে ১ কোটি ৮২ লাখ মার্কিন অবসরের জন্য ক্রুজ শিপে ভ্রমণ বেছে নেন। এ হিসাবে ২০২৫ সালে প্রমোদতরীগুলোয় যাত্রী বাড়বে ওই বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ। এএএ বলছেন, এ বৃদ্ধির হার গত বছরের ৭ দশমিক ৭ এবং ২০২৩ সালে ৪২ শতাংশ বৃদ্ধির তুলনায় ধীর। অর্থাৎ ২০২৩ সালের তুলনায় পরপর দুই বছর প্রবৃদ্ধির হার মন্থর হচ্ছে।

প্রতিবেদনে বলা হচ্ছে, মহামারীর সময় ভ্রমণ খাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্রুজ অপারেটররা, তবে তাদের পুনরুদ্ধারের গতি ছিল তুলনামূলক বেশি। অবশ্য বৃদ্ধির গতি মন্থর হলেও ২০২৫ সাল হবে সমুদ্রসফরে রেকর্ড যাত্রী বৃদ্ধিতে টানা তৃতীয় বছর।

এএএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর মার্কিন ক্রুজ শিপ যাত্রীদের শীর্ষ গন্তব্য হবে ক্যারিবীয় অঞ্চল।

গত বছর রয়্যাল ক্যারিবিয়ান, কার্নিভাল কর্প ও নরওয়েজিয়ান ক্রুজ লাইন হোল্ডিংসের মতো বৃহত্তম অপারেটররা রেকর্ড যাত্রী চাহিদা দেখেছিল। ওই সময় বিভিন্ন বয়সী মানুষ ক্রুজ ভ্রমণে আগ্রহী ছিল। তবে আগের তুলনায় বেশি খরচ করতে হয়েছিল তাদের।

যাত্রী চাহিদার এ বৃদ্ধির প্রভাব পড়েছিল কোম্পানিগুলোর শেয়ারে। গত বছর রয়্যাল ক্যারিবিয়ান, কার্নিভাল ও নরওয়েজিয়ান ক্রুজের শেয়ারদর বেড়েছিল যথাক্রম ৭৮, ৩৪ ও ২৮ শতাংশ।

প্রধান সব ক্রুজ জাহাজের নির্ধারিত ভ্রমণসূচি, অর্থনৈতিক অবস্থা ও ভ্রমণ খাতের প্রবণতার ভিত্তিতে সাম্প্রতিক এ পূর্বাভাস তৈরি করেছে এএএ, এতে অংশীদারত্ব রয়েছে অক্সফোর্ড ইকোনমিকস কোম্পানির সহযোগী ট্যুরিজম ইকোনমিকসের।

আরও