ক্রয় কমিটির সভায় অনুমোদন

৭২২ কোটি টাকায় ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার।

রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডা, মরক্কো এবং উন্মুক্ত পদ্ধতিতে সৌদি আরব ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৭২২ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ৭২০ টাকা। এর মধ্যে ৭০ হাজার টন এমওপি ও ৬০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। সচিবালয়ে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সার কেনার এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন এমওপি সার কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৫৬ দশমিক ২৫ ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় অষ্টম (ঐচ্ছিক-প্রথম) লটের ৩০ হাজার টন সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৮১ লাখ ৫৬ হাজার ২৪০ টাকা। এখানে প্রতি টন সারের দাম পড়বে ৫৬ হাজার ৮৬৭ ডলার।

এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৫ কোটি ৪৫ লাখ ৪৩ হাজার ৪৮০ টাকা। এখানে প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৪২২ দশমিক ৬৬ ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে কাফকোর কাছ থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৪৩ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯০ দশমিক ৭৫ ডলার।

আরও