আন্তর্জাতিক আলু উৎসবের উদ্বোধনীতে বক্তারা

আলুর বহুমুখী ব্যবহার বাড়াতে প্রয়োজন নীতিসহায়তা

ভিয়েতনামে দুই লাখ টন আলু রফতানি করবে বাংলাদেশ

কৃষকের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে ও রফতানি আয় বাড়াতে হলে এ খাতে নীতিসহায়তা প্রয়োজন। এজন্য পণ্যটিকে সরকারের অগ্রাধিকার তালিকার আওতায় নিয়ে আসতে হবে।

কৃষকের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে ও রফতানি আয় বাড়াতে হলে এ খাতে নীতিসহায়তা প্রয়োজন। এজন্য পণ্যটিকে সরকারের অগ্রাধিকার তালিকার আওতায় নিয়ে আসতে হবে। একই সঙ্গে নতুন ও উন্নত জাত উদ্ভাবন করতে হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল করভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক আলু উৎসব ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন খাতসংশ্লিষ্টরা। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবে দেশী-বিদেশী ৬৬টি প্রতিষ্ঠান আলু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাদ্যপণ্য বিক্রি ও প্রদর্শন করছে।

বিসিএসএর সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘২০১০ সাল থেকে আলুর উৎপাদন কম-বেশি হচ্ছে। কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। এতে অনেক সময় দাম পড়ে যায়। আবার কখনো দাম অত্যধিক হয়।’

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ২০২৩ ও ২০২৪ সালে প্রতি কেজি আলু যথাক্রমে ৬০ ও ৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আর চলতি বছর উৎপাদন হয়েছে ১ কোটি ১২ লাখ টন আলু। এছাড়া উৎপাদন থেকে হিমাগারে রাখা পর্যন্ত কেজিপ্রতি ব্যয় ২০-২৫ টাকা। অথচ কৃষক বিক্রি করছে ৮-১৬ টাকা দরে, ফলে লোকসান গুনতে হচ্ছে।

এ সময় কৃষি উপদেষ্টা ডিসেম্বরের শেষ পর্যন্ত কৃষকের উৎপাদিত আলু হিমাগারে রাখার জন্য কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতি অনুরোধ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘ভিয়েতনাম বাংলাদেশের কাছে সার বিক্রি করতে চায়, বিনিময়ে তারা আলু আমদানি করবে। আগামী বছর দেশটিতে দুই লাখ টন আলু রফতানি করা হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ও বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল প্রমুখ।

আন্তর্জাতিক আলু উৎসবে আলু দিয়ে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য, চাষের বিভিন্ন উপকরণ, হিমাগারে আধুনিক পদ্ধতিতে আলু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মূল্য সংযোজন, কোল্ড চেইন প্রযুক্তি ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।

আরও