বিএসইসিতে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা

পুঁজিবাজারের সমস্যার তাৎক্ষণিক সমাধানের চেষ্টা চলছে

পুঁজিবাজারের বিদ্যমান সমস্যার কিছু তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পুঁজিবাজারের বিদ্যমান সমস্যার কিছু তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘পুঁজিবাজারের বর্তমান সমস্যা সমাধানে আমাদের মূল লক্ষ্য হলো আগের যত রকম ব্যবস্থা রয়েছে সেগুলো দূর করে আন্তর্জাতিক মানের একটি বাজার করা। এ প্রত্যাশায় আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে।’

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে সংস্থাটির চেয়ারম্যানসহ কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল এবং বিএসইসির নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া দেশের মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়টিও বৈঠকে এসেছে।’

বৈঠকে বিএসইসির সামগ্রিক কর্মকাণ্ড ও পুঁজিবাজারের উন্নয়নে সম্প্রতি বিএসইসির পদক্ষেপ সম্পর্কে অর্থ উপদেষ্টাকে অবহিত করা হয়। বৈঠক শেষে বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘‌অর্থ উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তারা এ বিষয়ে তাদের কর্মপরিকল্পনা ঠিক করবেন, আমরাও তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। আশা করছি শিগগিরই বিভিন্ন বিষয়ে অগ্রগতির তথ্য জানা যাবে।’

বৈঠকে পুঁজিবাজারে মূলধনি আয়ের ওপর আরোপিত কর হার এবং প্রাইভেট ও পাবলিক কোম্পানির ক্ষেত্রে করহারে পার্থক্য যৌক্তিকীকরণ, আইসিবির বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, সরকারি মালিকানাধীন কোম্পানিকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ সৃষ্টি, বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় উদ্যোগ, কোম্পানির দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য নীতিমালা প্রণয়ন, বিএসইসি ইনভেস্টর প্রটেকশন ফান্ড তৈরি এবং পুঁজিবাজারে বিদ্যমান নেগেটিভ ইকুইটি-সংক্রান্ত সমস্যার কার্যকর সমাধানসহ বিভিন্ন বিষয়ে সরকারের সহায়তা চাওয়া হয়েছে। বৈঠকে বিশেষভাবে বাজারের তারল্য বৃদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য স্বল্প সুদহারে পুনঃঅর্থায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

এদিকে গতকাল পুঁজিবাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়াতে মূলধনি আয়ের ওপর থেকে বিদ্যমান কর স্থগিতের অনুরোধ জানিয়ে অর্থ উপদেষ্টাকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। পাশাপাশি সিকিউরিটিজ লেনদেনের ওপর অগ্রিম আয়কর দশমিক শূন্য ৫ থেকে কমিয়ে দশমিক শূন্য ২ শতাংশ করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

দেশের পুঁজিবাজারে গত দুদিন সূচক বেড়েছে। ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স মঙ্গলবার ১১৮ পয়েন্টের পর গতকাল বেড়েছে ১৪৮ পয়েন্টে। গতকাল ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৫ পয়েন্টে। এছাড়া ডিএসইর অন্যান্য সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান করছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৬ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩৭৩টির, কমেছে ১৫টির আর অপরিবর্তিত ছিল নয়টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৪৭ কোটি টাকা। গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে।

আরও