ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরো আধুনিক ও নিরাপদ করতে ব্র্যাক ব্যাংক ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভিসা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড চালু করেছে। এটি প্রচলিত প্লাস্টিক কার্ডের বিকল্প হিসেবে কাজ করবে। একই সঙ্গে ব্যাংকিংকে আগের চেয়ে বেশি সহজ ও পরিবেশবান্ধব করবে।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক জানায়, এই ভার্চুয়াল কার্ড চুরি বা হারানোর ঝুঁকিমুক্ত। গ্রাহকরা এটিকে অনলাইন লেনদেন, বিকাশ কিউআরসহ মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্র্যাক ব্যাংকের যেকোনো এটিএম থেকে নগদ উত্তোলনও করা যাবে।
বিশেষ করে প্রবাসীদের জন্য এই কার্ড বেশ সুবিধাজনক। কারণ তারা বিদেশে বসেই ই-কেওয়াইসি পদ্ধতিতে ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, গ্রাহকরা তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ আস্থার মাধ্যমে এই কার্ড ব্যবহার করে সহজ ও ঝামেলাহীন ডিজিটাল ব্যাংকিং সেবা পাবেন। বিশেষ করে প্রযুক্তিপ্রেমী তরুণদের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে ব্যাংকটি।
এই ভার্চুয়াল কার্ড দিয়ে মাল্টিকারেন্সি লেনদেন করা যাবে। পাশাপাশি আন্তর্জাতিক ই-কমার্স পেমেন্ট ও বিভিন্ন সাবস্ক্রিপশন সার্ভিসের জন্যও এটি ব্যবহার করা যাবে। লেনদেনের ভিত্তিতে গ্রাহকরা রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন, যা তাদের ব্যাংকিং অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করবে।
ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য আরো উন্নত ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করবে। প্রচলিত ব্যাংকিং সুবিধার পাশাপাশি গ্রাহকদের ডিজিটাল সুরক্ষা দেবে। উদ্ভাবনী সেবা দিয়ে গ্রাহকদের অভিজ্ঞতা উন্নত করাই আমাদের লক্ষ্য।
নতুন গ্রাহকরা ই-কেওয়াইসি পোর্টালের মাধ্যমে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট খুলে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। বিদ্যমান গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টকে ভার্চুয়াল অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে অথবা নতুন ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে হবে।
সফলভাবে অ্যাকাউন্ট খোলার পর আস্থা অ্যাপে লগইন করলেই ভার্চুয়াল ডেবিট কার্ড দেখা যাবে। পরে অ্যাপের মাধ্যমে বা ২৪/৭ কল সেন্টারে (১৬২২১) যোগাযোগ করে এটি অ্যাক্টিভেট করতে হবে।
এ বিষয়ে আরো তথ্যের জন্য গ্রাহকরা নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন বা ব্যাংকের ওয়েবসাইট www.bracbank.com ভিজিট করতে পারেন। —বিজ্ঞপ্তি