ভারতীয় আবাসন বাজারের দিকে নজর জাপানি রেল কোম্পানির

জাপানি রেলওয়ে কোম্পানি নিশি-নিপ্পন রেলরোড (নিশিতেতসু) ২০২৮ অর্থবছরের মধ্যে ভারতে আবাসন ব্যবসা শুরুর পরিকল্পনা করছে।

জাপানি রেলওয়ে কোম্পানি নিশি-নিপ্পন রেলরোড (নিশিতেতসু) ২০২৮ অর্থবছরের মধ্যে ভারতে আবাসন ব্যবসা শুরুর পরিকল্পনা করছে। জাপানের দক্ষিণতম প্রধান দ্বীপ কিউশুভিত্তিক কোম্পানিটি এখন দ্রুত ব্যবসায়িক প্রবৃদ্ধির প্রত্যাশার পাশাপাশি আবাসনের ঘাটতিতে ভোগা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশটিকে সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছে। খবর নিক্কেই এশিয়া।

আগামী এপ্রিলে শুরু হওয়া ২০২৬ অর্থবছর থেকে ভারতে কর্মী পাঠানোর পরিকল্পনা করছে নিশিতেতসু। প্রাথমিকভাবে একজন কর্মী পাঠানো হতে পারে। প্রকল্পের অগ্রগতির ওপর নির্ভর করে ভবিষ্যতে আরো কর্মী পাঠানো হবে।

উত্তর কিউশুর ফুকুওকা প্রদেশে নিজেদের রেল নেটওয়ার্কের আশপাশে আবাসিক খাতে বিনিয়োগ করেছে নিশিতেতসু। তবে জাপানের জনসংখ্যা কমে যাওয়ায় অভ্যন্তরীণ বাজার সংকুচিত হচ্ছে। এ কারণে কোম্পানিটি আয়ের উৎসে বৈচিত্র্য আনতে বিদেশে ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে।

এরই মধ্যে ভারতের নয়াদিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে সম্ভাব্য কনডোমিনিয়াম প্রকল্পের জন্য বাজার পর্যালোচনা শুরু করেছে নিশিতেতসু। কোম্পানিটির ওভারসিজ ডেভেলপমেন্ট বিভাগের প্রধান তারো কোয়ামা বলেন, ‘আমাদের লক্ষ্য এমন উপশহর, যেখান থেকে শহরের কেন্দ্রে সহজে যাতায়াত করা যায়।’

২০২৩ সালে চীনকে ছাড়িয়ে ভারতের জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি হয়েছে। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে দেশটির বিপুলসংখ্যক মানুষ শহরমুখী হচ্ছে। কিন্তু সাশ্রয়ী আবাসনের ঘাটতি এখনো প্রকট। নিশিতেতসুর প্রকল্পগুলো ৩০ ও ৪০ বছর বয়সী মধ্যম আয়ের ব্যক্তিনির্ভর পরিবারকে লক্ষ্য করে তৈরি হচ্ছে।

বিদেশে রিয়েল এস্টেট ব্যবসা সম্প্রসারণ কোম্পানিটির প্রবৃদ্ধি কৌশলের অন্যতম স্তম্ভ। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ অর্থবছরের মধ্যে এ খাতে কোম্পানিটির বিনিয়োগ বেড়ে হবে প্রায় ৩১ কোটি ৭০ লাখ ডলার, যা ২০২৪ অর্থবছরের তুলনায় ৫০ শতাংশেরও বেশি।

নিশিতেতসু ২০১৫ সালে ভিয়েতনামে একটি কনডোমিনিয়াম প্রকল্পের মাধ্যমে বিদেশে রিয়েল এস্টেট ব্যবসায় প্রবেশ করে।

স্থানীয় অংশীদারের সঙ্গে যৌথভাবে গড়ে তোলা ওয়াটারপয়েন্ট আবাসিক এলাকা হো চি মিন সিটি থেকে প্রায় ১ ঘণ্টার দূরত্বে অবস্থিত। সেখানে পৃথক কিছু বাড়ি বিক্রির পর কোম্পানিটি এখন প্রায় ছয় হাজার কনডোমিনিয়াম ইউনিটের পরিকল্পনা করছে।

ভিয়েতনামের বাইরে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে কার্যক্রম পরিচালনা করছে নিশিতেতসু। উন্নয়নাধীন প্রকল্পসহ প্রায় ২৫ হাজার আবাসন ইউনিটে কোম্পানিটি যুক্ত রয়েছে, যার মধ্যে প্রায় ১২ হাজার ইউনিট হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ইলিনয়সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আবাসন ও লজিস্টিকস স্থাপনা নিয়েও কাজ করছে এ কোম্পানি।

আরও