উন্নয়নের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অর্থনীতির প্রবৃদ্ধি ও রফতানি আয় বৃদ্ধির লক্ষ্যে নতুন পদক্ষেপ নিয়েছে শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক। করোনা-পরবর্তী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা (সিবিএসএল) বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোকে ব্যক্তি এবং প্রতিষ্ঠান পর্যায়ে ক্ষুদ্র, ছোট ও মাঝারি আকারের উদ্যোগের (এমএসএমই) ক্ষেত্রে ঋণ প্রদানে অনুমতি দেয়। খবর কলম্বো পেজ
ঋণ প্রদানের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলো হলো খাদ্য ও পানীয় প্রক্রিয়াকরণ, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসাসংক্রান্ত পণ্য, ঘরোয়া কুটির শিল্প, রাবার ও রাবারজাত পণ্য, জাহাজ ও নৌকা নির্মাণ, প্রসাধনী সামগ্রী, বাটিক ও তাঁত, অলঙ্কার ও রত্ন শিল্প, স্বাস্থ্যসেবা খাত, বৈদ্যুতিক সামগ্রী ও বৈদ্যুতিক যন্ত্রাংশ নির্মাণ, গাড়ি সংযোজন শিল্প, ওষুধ শিল্প, চীনামাটির বাসন, সিরামিক ও মৃিশল্প।
এ অনুমতির ফলে এখন থেকে দেশটির অনুমোদনপ্রাপ্ত ব্যাংকগুলো ব্যক্তি এবং বাণিজ্যিক পর্যায়ে এমএসএমই ঋণ প্রদান করতে পারবে। একই সঙ্গে ব্যাংকগুলো এমএসএমই খাতের প্রবৃদ্ধি নিশ্চিত করবে, যাতে বছরপ্রতি ২০ শতাংশের নিচে না আসে। সম্প্রতি পাস করা মনিটারি ল অ্যাক্টের অর্ডার নং-১ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়।