ছয় বছরের মধ্যে প্রথম

জাপানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মুনাফা কমার আশঙ্কা

চলতি ২০২৫ অর্থবছরে জাপানের তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিট মুনাফা কমে যেতে পারে।

চলতি ২০২৫ অর্থবছরে জাপানের তালিকাভুক্ত কোম্পানিগুলোর নিট মুনাফা কমে যেতে পারে। ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো এমন পতনের আশঙ্কা প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ। মার্কিন অতিরিক্ত শুল্ক ও বৈশ্বিক বাজারে চাহিদা কমে যাওয়ায় জাপানের অটোমোবাইল ও ইস্পাত শিল্পসহ প্রধান উৎপাদন খাতগুলো চাপের মধ্যে রয়েছে। এর প্রভাব পড়তে যাচ্ছে কোম্পানিগুলোর মুনাফায়। খবর জাপান টুডে।

টোকিও স্টক এক্সচেঞ্জের প্রাইম মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নথি অনুসরণ করে এ পূর্বাভাস দেয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে সামগ্রিক নিট মুনাফা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ কমতে পারে।

এর মধ্যে উৎপাদন খাতের মুনাফা ৫ দশমিক ৪ শতাংশ কমার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পরিবহন সরঞ্জাম খাত অর্থাৎ অটোমোবাইল কোম্পানিগুলোর মুনাফা প্রায় ২৫ দশমিক ৯ শতাংশ কমতে পারে। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে খাতটিতে উৎপাদন ও রফতানি খরচ বেড়ে গেছে। যদিও ডলারের বিপরীতে ইয়েনের দুর্বলতা কিছুটা স্বস্তি দিয়েছে, তবু বিশেষজ্ঞরা বলছেন, তা খরচের চাপ সামলানোর জন্য যথেষ্ট নয়।

ইস্পাত খাতের পরিস্থিতি আরো কঠিন হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজার দুর্বল হয়ে পড়ায় এ খাতে মুনাফা ৭৪ শতাংশের বেশি কমার আশঙ্কা রয়েছে।

উৎপাদন খাতের বাইরে থাকা কোম্পানিগুলোর মুনাফাও কমবে বলে বিশ্লেষণে দেখা গেছে। কনটেইনার পরিবহনের ভাড়া কমে যাওয়ায় শিপিং কোম্পানিগুলোর নিট মুনাফা প্রায় ৫৭ শতাংশ কমতে পারে। এছাড়া বিদ্যুৎ ও গ্যাস খাতের মুনাফা প্রায় ৫৪ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। খুচরা পণ্যের বাজার তুলনামূলক স্থিতিশীল থাকলেও এ খাতে দশমিক ৩ শতাংশ মুনাফা কমতে পারে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাণিজ্য উত্তেজনার প্রভাব জাপানের বড় শিল্পগুলোর ওপর স্পষ্টভাবে পড়তে শুরু করেছে।

আরও