ইউএসডিএর প্রতিবেদন

বিশ্বব্যাপী তুলা উৎপাদন ও ব্যবহার বাড়ার পূর্বাভাস

বিশ্বব্যাপী তুলা উৎপাদন, ব্যবহার ও রফতানি ২০২৫ সালে আরো বাড়তে পারে। বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন (ডব্লিউএএসডিই) শীর্ষক প্রতিবেদন জানুয়ারি, ২০২৫ সংস্করণে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর ফাইবার টু ফ্যাশন।

বিশ্বব্যাপী তুলা উৎপাদন, ব্যবহার ও রফতানি ২০২৫ সালে আরো বাড়তে পারে। বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন (ডব্লিউএএসডিই) শীর্ষক প্রতিবেদন জানুয়ারি, ২০২৫ সংস্করণে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। খবর ফাইবার টু ফ্যাশন।

ডব্লিউএএসডিই প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী তুলা উৎপাদন বেড়ে ১১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) পৌঁছতে পারে, যা ডিসেম্বরে দেয়া প্রাক্কলনের তুলনায় ২০ লাখ বেল বেশি।

ইউএসডিএর দেয়া তথ্যানুযায়ী, এর পেছনে প্রধান ভূমিকা রাখবে চীন, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বমুখী উৎপাদন। তবে এ সময় পাকিস্তানে তা কমতে পারে। ২০২৪-২৫ মৌসুমে চীনে ১৮ লাখ বেল তুলা উৎপাদন বাড়তে পারে।

ডব্লিউএসডিএর প্রতিবেদন থেকে আরো জানা যায়, ২০২৪-২৫ মৌসুমে তুলার বৈশ্বিক ব্যবহার ডিসেম্বরে দেয়া পূর্বাভাসের তুলনায় এক লাখ বেল বাড়ানো হয়েছে। এ সময় বাংলাদেশ ও ভিয়েতনামে ব্যবহার বাড়লেও তুরস্কে তা কিছুটা কমতে পারে।

ব্রাজিল গত মৌসুমে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ তুলা রফতানিকারক হিসেবে জায়গা দখল করে নিয়েছে। চলতি মৌসুমেও তা উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। জানা গেছে, দেশটির বাহিয়া রাজ্যের পশ্চিম অংশে লুইস এডুয়ার্দো মাগালহেসের আশপাশের বিস্তৃত অঞ্চলগুলোয় তুলা চাষ ক্রমে বিস্তার লাভ করছে। এ অঞ্চলে সেরাদো (সাভানা) জলবায়ু বিদ্যমান। এখানে ভেজা ও শুষ্ক মৌসুম রয়েছে। এ বৈশিষ্ট্যর কারণে তুলা চাষের জন্য এটিকে স্বাভাবিক সম্প্রসারণ এলাকা হিসেবে গড়ে তোলা হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও ভারত থেকেও রফতানি বাড়ার সম্ভাবনায় আগের তুলনায় মোট বৈশ্বিক রফতানি পূর্বাভাস ২ লাখ ২৫ হাজার বেল বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। যদিও ২০২৪-২৫ মৌসুমে যুক্তরাষ্ট্র থেকে তুলা রফতানি কমতে পারে।

উল্লেখ্য, সেরাদো ব্রাজিলের একটি বিশাল ক্রান্তীয় সাভানা অঞ্চল, যা প্রায় ২০ লাখ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এটি ব্রাজিলের মোট ভূমির প্রায় ২২ শতাংশ অংশ দখল করে আছে। অ্যামাজনের পর এটি ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম জীববৈচিত্র্য অঞ্চল।

ডব্লিউএসডিএর প্রতিবেদনে ২০২৪-২৫ মৌসুমের সমাপনী মজুদ পূর্বাভাস আগের তুলনায় প্রায় ১৯ লাখ বেল বাড়ানো হয়েছে। এ সময় ব্রাজিলে তা কমলেও চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতে তা বাড়তে পারে।

এদিকে ২০২৪-২৫ মৌসুমের জন্য যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদন ও সমাপনী মজুদ পূর্বাভাস বাড়ানো হয়েছে। এ সময় উৎপাদন ১ লাখ ৫৯ হাজার বেল বেড়ে ১ কোটি ৪৪ লাখ বেলে পৌঁছতে পারে। সমাপনী মজুদ বাড়তে পারে ৪৮ লাখ বেল। তবে ইউএসডিএ জানায়, এ সময় রফতানি আগের তুলনায় তিন লাখ বেল বেড়ে ১ কোটি ১০ লাখ বেলে পৌঁছতে পারে।

আরও