আমদানি বন্ধ হওয়ার পাশাপাশি বাজারে সরবরাহ ঘাটতির কারণে গমের দাম ঊর্ধ্বমুখী।
সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে রোববার প্রতি কেজি গম বিক্রি হয় ৪৪ টাকা দরে, এক সপ্তাহ আগেও যা বিক্রি হয়েছে ৩৮-৩৯ টাকায়। হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা জানান, বাজারে সরবরাহ কমার পাশাপাশি পাইকারিতে দাম বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। এক সপ্তাহ আগে পাইকারিতে যে গম প্রতি কেজি ৩৬-৩৭ টাকা দরে কেনা গেছে, তা এখন ৪১-৪২ টাকায় কিনতে হচ্ছে। ফলে খুচরা পর্যায়েও দাম বেড়েছে।
গমের সবচেয়ে বড় মোকাম সাতক্ষীরার পাটকেলঘাটা বাজার। এ বাজারের পাইকারি গম বিক্রেতা ও আটা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মুকন্দ ফ্লাওয়ারে রোববার পাইকারিতে গম বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪১ টাকা ৫০ পয়সা দরে, আগে যা ৩৭ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক গোবিন্দ সাধু জানান, ভারত থেকে অনেকদিন বন্ধ রয়েছে গম আমদানি। বর্তমানে বাংলাদেশের চেয়ে ভারতে গমের দাম বেশি। ফলে লোকসান এড়াতে ভারত থেকে আমদানি করছেন না ব্যবসায়ীরা। তাছাড়া রাশিয়া-ইউক্রেন থেকেও প্রায় দুই-তিন মাস আমদানি বন্ধ রয়েছে। ফলে সরবরাহে ঘাটতি পড়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে গমের। তবে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে জানান তিনি।