রাইট শেয়ার ইস্যুর অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে কনফিডেন্স সিমেন্ট পিএলসি। এজন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে কোম্পানিটি। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কনফিডেন্স সিমেন্ট। তবে গত ২৯ জুন বিএসইসি জানায়, প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যুর জন্য কনফিডেন্স সিমেন্টকে সম্মতি দেয়া কমিশনের পক্ষে সম্ভব নয়। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিএসইসিকে চিঠি দিয়েছে কোম্পানিটি।
বিএসইসির আগের সিদ্ধান্ত কিছু ভুল ব্যাখ্যার ভিত্তিতে রাইট শেয়ার বাতিল হয়ে থাকতে পারে বলে মনে করছে কনফিডেন্স সিমেন্ট। পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে পাঠানো চিঠিতে কনফিডেন্স সিমেন্ট উল্লেখ করেছে, প্রস্তাবিত রাইট শেয়ার ইস্যু থেকে প্রাপ্ত অর্থের ৫০ শতাংশ ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। ফলে কোম্পানিটির বার্ষিক সুদ ব্যয় ৭ কোটি টাকা কমে আসবে। বাকি অর্থ বিনিয়োগ করা হবে অঙ্গপ্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে, যাতে প্রতিষ্ঠানটিকে সাবসিডিয়ারিতে রূপান্তর করে এর মুনাফা একীভূতভাবে অন্তর্ভুক্ত করা যায়। চিঠিতে আরো বলা হয়, কোম্পানিটি গত ১০ বছরে গড়ে ২৩ দশমিক ৭৫ শতাংশ হারে লভ্যাংশ দিয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কনফিডেন্স সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৬৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে কনফিডেন্স সিমেন্টের ইপিএস হয়েছে ৮ টাকা ৭৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ১৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৪ টাকা ৭৫ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কনফিডেন্স সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৯ টাকা ৮৯ পয়সায়।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৯৩ কোটি ৬৪ লাখ টাকা। মোট শেয়ার ৮ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ৭৯০। এর ৩০ দশমিক ৩৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৩৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩২ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।