আয়করদাতাদের জন্য করসংক্রান্ত জটিলতা কমাতে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে ক্রেডিট কার্ডসহ ১২টি নির্দিষ্ট সেবা গ্রহণ করতে হলে আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন হবে না। শুধুমাত্র আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দাখিল করলেই এসব সেবা পাওয়া যাবে।
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ ঘোষণা দেয়া হয়েছে। সোমবার (২ জুন) বিকাল ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ক্রেডিট কার্ডে ট্যাক্স রিটার্ন প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান ৪৫টি সেবা গ্রহণের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপনের বাধ্যবাধকতা শিথিল করেছে সরকার। এখন থেকে ক্রেডিট কার্ডসহ ১২টি সেবাগ্রহণের ক্ষেত্রে কেবলমাত্র টিআইএন সার্টিফিকেট দাখিলের বিধান করা হয়েছে।
নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার বেলা ৩টায় তিনি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন। সংসদ না থাকায় তার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।
অর্থ উপদেষ্টার ভাষ্যে, একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কিছুটা সংস্কারভিত্তিক এই বাজেটে উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে।