২০২৬ সাল

মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় গ্যাসের চাহিদা বাড়বে ৩.৫%

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সম্মিলিত চাহিদা ২০২৫ সালে ২ শতাংশ বাড়তে পারে।

মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের সম্মিলিত চাহিদা ২০২৫ সালে ২ শতাংশ বাড়তে পারে। পরের বছর এ বৃদ্ধির হার ৩ দশমিক ৫ শতাংশে পৌঁছতে পারে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। শিল্প খাত ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার বাড়ায় চাহিদা বাড়বে বলে সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে। খবর আরব নিউজ।

আইইএর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক গ্যাস চাহিদা রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। ওই বছর গ্যাসের বার্ষিক চাহিদা ২ শতাংশ বাড়তে পারে, যা ২০২৫ সালের সম্ভাব্য ১ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি।

এর আগে বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৫ সালে গ্যাসের চাহিদা তুলনামূলকভাবে স্থির থাকলেও ২০২৬ সালে এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্যের বাজারে বাড়তে দেখা যেতে পারে।

আইইএর জ্বালানি বাজার ও নিরাপত্তাবিষয়ক পরিচালক কেইসুকে সাদামোরি বলেন, ‘‌বৈশ্বিক গ্যাসের বাজার দ্রুত পরিবর্তন হচ্ছে। নতুন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বাজার স্থির রাখতে সাহায্য করতে পারে এবং বিশেষ করে এশিয়ায় চাহিদা বাড়াতে পারে। তবে বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে এ পূর্বাভাসে অনিশ্চয়তা রয়ে গেছে।’

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে এশিয়ায় গ্যাস চাহিদা ৪ শতাংশের বেশি বাড়তে পারে। অন্যদিকে ইউরোপে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ায় আগামী বছর গ্যাসের চাহিদা ২ শতাংশ কমে যেতে পারে।

আরও