মিসরে ২০২ বিলিয়ন ডলারের ৪টি মেগা প্রকল্পের ঘোষণা টিএমজি গ্রুপের

আলেকজান্দ্রিয়ায় ১ কোটি ১৩ লাখ বর্গমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হবে আরেকটি সমন্বিত নগর কেন্দ্র। সেখানে বিনিয়োগ করা হবে ১ লাখ ৭০ হাজার কোটি পাউন্ড। এ প্রকল্প থেকে ৩৭ হাজার ৫০০ কোটি পাউন্ড কর রাজস্ব পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

মিসরে চারটি বড় প্রকল্পে প্রায় ২০ হাজার ২৩০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ আবাসন নির্মাতা প্রতিষ্ঠান তালাত মুস্তাফা গ্রুপ (টিএমজি)। এসব প্রকল্পের মাধ্যমে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে সরকারি কোষাগারে জমা হবে ২ লাখ ৪০ হাজার কোটি মিসরীয় পাউন্ড রাজস্ব।

এ উপলক্ষে মিসর সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, দেশটির পূর্ব কায়রো, আলেকজান্দ্রিয়া, আবু কির ও উত্তর উপকূলীয় এলাকায় প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে প্রকল্পগুলোর মোট আয়তন হবে ৩ কোটি ৭০ লাখ বর্গমিটারের বেশি। এতে আবাসনের পাশাপাশি শিল্প, লজিস্টিকস, ব্যবসা ও পর্যটন সুবিধা গড়ে তোলা হবে।

দেশটির নতুন প্রশাসনিক রাজধানীতে সম্প্রতি আয়োজিত ‘ইজিপ্ট ফোরাম ২০২৬’-এর দ্বিতীয় দিনে এ ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে তালাত মুস্তাফা গ্রুপের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক হিশাম তালাত মুস্তাফা জানান, চার প্রকল্পে মোট বিনিয়োগ ধরা হয়েছে ১১ লাখ কোটি মিসরীয় পাউন্ড, যা প্রায় ২০ হাজার ২৩০ কোটি ডলারের সমান।

আবু কিরে সবচেয়ে বড় প্রকল্প

চারটি প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে আবু কির বন্দরের পাশে। সেখানে প্রায় ১ কোটি বর্গমিটার এলাকায় ৫ ট্রিলিয়ন (৫ লাখ কোটি) পাউন্ড বিনিয়োগ করা হবে। এ প্রকল্প থেকে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি পাউন্ড রাজস্ব আদায়ের আশা করছে প্রতিষ্ঠানটি।

এখানে শিল্প-কারখানা, ফ্রি জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল, লজিস্টিকস হাব বা পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থার অবকাঠামো, বাণিজ্যিক ভবন, আবাসন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বন্দরের পাশে এসব অবকাঠামো তৈরি হলে দেশের উৎপাদন ও রফতানি সক্ষমতা পাশাপাশি বাড়বে বিদেশী বিনিয়োগের সুযোগও।

পূর্ব কায়রো ও আলেকজান্দ্রিয়ায় বিনিয়োগ

পূর্ব কায়রোয় সুয়েজ সড়ক ও টিএমজির বিদ্যমান মদিনাতি প্রকল্পের মধ্যবর্তী স্থানে আরেকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ৫০ লাখ বর্গমিটার জমিতে এ প্রকল্পের বিনিয়োগ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ২০ হাজার কোটি পাউন্ড। এখান থেকে ৭০ হাজার কোটি পাউন্ডের বেশি কর রাজস্ব আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

আলেকজান্দ্রিয়ায় ১ কোটি ১৩ লাখ বর্গমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হবে আরেকটি সমন্বিত নগর কেন্দ্র। সেখানে বিনিয়োগ করা হবে ১ লাখ ৭০ হাজার কোটি পাউন্ড। এ প্রকল্প থেকে ৩৭ হাজার ৫০০ কোটি পাউন্ড কর রাজস্ব পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

উত্তর উপকূলে নতুন পর্যটন কেন্দ্র

উত্তর উপকূলের ১৪৭-১৫১ কিলোমিটারসংলগ্ন এলাকায় ১ কোটি ৪ লাখ বর্গমিটার জমিতে একটি নতুন পর্যটন ও আবাসন কেন্দ্র গড়ে তোলা হবে। এতে বিনিয়োগ করা হবে ৯৭ হাজার কোটি পাউন্ড। এখান থেকে ২১ হাজার ৫০০ কোটি পাউন্ড কর রাজস্ব আয়ের আশা করছে প্রতিষ্ঠানটি। টিএমজির ২০২৪ সালে শুরু হওয়া জনপ্রিয় ‘সাউথ মেড’ প্রকল্পের আদলে এটি তৈরি করা হবে।

এর আগে গত এপ্রিলে কায়রোর উপকণ্ঠে ‘দ্য স্পাইন’ নামে একটি মেগা প্রকল্পের ঘোষণা দিয়েছিল টিএমজি। ১ লাখ ৪০ হাজার পাউন্ডের সে বিনিয়োগ প্রকল্পে ১৬৫টি টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তবে নতুন চার প্রকল্পের কাজ কবে শুরু হবে, অর্থায়নের উৎস কী হবে এবং সরকার ও প্রতিষ্ঠানের মধ্যে বিনিয়োগ কীভাবে ভাগ হবে, তা স্পষ্ট করা হয়নি। খবর ও ছবি আরব নিউজ

আরও