পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে বিভিন্ন ধরনের ঝুঁকি আগেভাগে চিহ্নিতকরণ, মূল্যায়ন ও নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে এনসিসি ব্যাংক পিএলসি। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সুশাসন কাঠামো শক্তিশালী করার ওপরও জোর দিয়েছে ব্যাংকটি।
সম্প্রতি এনসিসি ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন ২০২৬’-এ সব বিষয় উঠে আসে। ‘ব্যাংক খাতে ঝুঁকি ব্যবস্থাপনা চর্চার পরিবর্তনশীল রূপরেখা’—এ প্রতিপাদ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিবর্তনশীল অর্থনৈতিক পরিস্থিতি, প্রযুক্তিগত অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার, ঋণ, তারল্য ও পরিচালনাগত ঝুঁকি মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ বলেন, ‘ব্যাংকিং কার্যক্রমে দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই কার্যক্রম নিশ্চিতে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।’ বিভিন্ন ঝুঁকি যথাযথভাবে চিহ্নিত, মূল্যায়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ও প্রচলিত নীতিমালা অনুসরণ করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শক্তিশালী ‘রিস্ক ম্যানেজমেন্ট কালচার’ প্রতিষ্ঠায় এনসিসি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগের (বিএসডি-০৪) পরিচালক দিপ্তী রানী হাজরা ব্যাংকের নিজস্ব নীতিমালা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও সুশাসন কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম খোরশেদ আলম। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন বিভাগের (বিএসডি-০৪) যুগ্ম পরিচালক মো. আলমগীর হোসেন; এনসিসি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সাইফ আলম এবং ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড আইটি গভর্ন্যান্সের প্রধান মো. মিজানুর রহমান বিশ্লেষণধর্মী আলোচনা করেন।
সম্মেলনে এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অন্যান্য শীর্ষ নির্বাহী ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হন।