এলএমইতে রেকর্ড সর্বোচ্চে তামার দাম

আন্তর্জাতিক বাজারে তামার দরবৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন পণ্যবাজার বিশ্লেষণকারী সংস্থা।

আন্তর্জাতিক বাজারে তামার দরবৃদ্ধি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বিভিন্ন পণ্যবাজার বিশ্লেষণকারী সংস্থা। এর প্রভাবে গত সপ্তাহের লেনদেনের শেষদিন শুক্রবার ধাতব পণ্যটির বাজারদর রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। পাশাপাশি ডলারের বিনিময় হার বৃদ্ধিও এ সময় তামার দাম বাড়ায় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহ চুক্তিতে তামার দাম শুক্রবার ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ১১ হাজার ৬০৯ ডলার ৫০ সেন্টে। এদিন বেচাকেনার এক পর্যায়ে ধাতব পণ্যটির দাম পৌঁছেছে টনপ্রতি ১১ হাজার ৭০৫ ডলারে, যা রেকর্ড সর্বোচ্চ।

আন্তর্জাতিক বাজারে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত তামার দাম ৩০ শতাংশ বেড়েছে।

এস-পি অ্যাঞ্জেলের বিশ্লেষক জন মেয়ার বলেন, ‘সরবরাহ সীমিত হয়ে আসায় তামার বিনিয়োগ চাহিদা দিন দিন বাড়ছে। তাই দাম আরো বাড়ার সম্ভাবনা বেশি।’

সিটি ব্যাংক সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরের শুরু পর্যন্ত তামার দাম বাড়তে থাকবে। আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে ধাতব পণ্যটির গড় দাম হতে পারে টনপ্রতি ১৩ হাজার ডলার, যা অক্টোবরে দেয়া পূর্বাভাসে ছিল ১২ হাজার ডলার।

মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) আগামী বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) তামার গড় দাম হতে পারে টনপ্রতি ১০ হাজার ৭১০ ডলার। এর আগে টনপ্রতি গড় মূল্য ১০ হাজার ৪১৫ ডলারে পৌঁছার পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি।

চীনের শাংহাই ফিউচার এক্সচেঞ্জে গত সপ্তাহে তামার মজুদ আগের সপ্তাহের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ কমে ৮৮ হাজার ৯০৫ টনে নেমে এসেছে।

আরও