এবার আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। এ সময় রুপার দামও রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে।

আন্তর্জাতিক বাজারে ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দাম। এ সময় রুপার দামও রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের প্রেক্ষাপটে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। এ কারণে গতকাল মূল্যবান ধাতুটির দাম উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৫৮৪ ডলার ৭৪ সেন্টে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৭ শতাংশ বেশি। এদিন বেচাকেনার এক পর্যায়ে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি রেকর্ড ৪ হাজার ৬০০ ডলার ৩৩ সেন্টে পৌঁছে যায়। এছাড়া গতকাল যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৫৯৫ ডলার ৩০ সেন্টে।

ব্রোকার ফার্ম কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘ইরানের পরিস্থিতি, সম্ভাব্য মার্কিন অংশগ্রহণ ও ফেড চেয়ারম্যান পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত, এসব খবরের কারণে মার্কিন শেয়ারবাজারের ফিউচার সূচক ও ডলারের বিনিময় হার কমেছে। এ কারণে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা আরো বেড়েছে।’

ইরানে বিক্ষোভের মধ্যেই ৫০০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এটিও বিনিয়োগকারীদের মধ্যে স্বর্ণের চাহিদা বাড়ার অন্যতম কারণ। একই সময় ফেডের প্রেসিডেন্ট জেরোম পাওয়েল বলেন, ‘ট্রাম্প প্রশাসন তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে পদক্ষেপের হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় চাপ সৃষ্টি করতে চাওয়া প্রতিফলন হিসেবে দেখছেন। এ খবরে ডলারের বিনিময় হার ও মার্কিন শেয়ার ফিউচারস উভয়ই নিম্নমুখী হয়েছে।’

গোল্ডম্যান স্যাকস সম্প্রতি জানিয়েছে, ফেড ২০২৬ সালের জুন ও সেপ্টেম্বরে সুদহার কমাতে পারে। এর আগে মার্চ ও জুনে সুদহার কমানোর পূর্বাভাস দিয়েছিল ব্যাংকটি।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে গতকাল রুপার দাম বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৮৪ ডলার ৬ সেন্টে। এদিন বেচাকেনার এক পর্যায়ে ধাতুটির দাম আউন্সপ্রতি রেকর্ড ৮৪ ডলার ৬০ সেন্টে পৌঁছে।

প্লাটিনামের দাম গতকাল ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ৩৪৮ ডলার ৭৪ সেন্টে পৌঁছে। এ সময় প্রতি আউন্স প্যালাডিয়ামের মূল্য পৌঁছে ১ হাজার ৮৬৪ ডলার ১৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ৭ শতাংশ বেশি।

এএনজেডের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট সনি কুমারী বলেন, ‘যদি পরিস্থিতি একই থাকে তাহলে শিগগিরই রুপার দাম আউন্সপ্রতি ৯০ ডলারে পৌঁছতে পারে।’

অন্যান্য বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার এ মিশ্র প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর চাহিদা ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে সামনের দিনগুলোয় মূল্যবান ধাতুগুলোর দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে।

আরও