লক্ষ্যমাত্রা পূরণ

জুনে ১ লাখ ৪২ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে এনবিআরকে

এনবিআরের পরিসংখ্যান ও গবেষণা বিভাগের সাময়িক হিসাব সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের গত ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট রাজস্ব আহরণ করেছে ৩ লাখ ২১ হাজার ৪৫০ কোটি টাকা। এনবিআরকে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার সংশোধিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা দেয়া হয়।

সেই লক্ষ্যমাত্রা পূরণে জুন মাসে আরো ১ লাখ ৪২ হাজার ৫০ কোটি টাকার রাজস্ব আহরণ করতে হবে। সংশোধিত হওয়ার আগে রাজস্ব আহরণের মোট লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এনবিআরের পরিসংখ্যান ও গবেষণা বিভাগের সাময়িক হিসাব সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর জানিয়েছে, মে মাস পর্যন্ত ১১ মাসে কাস্টমস খাতে ৯২ হাজার ৪৬১ কোটি, ভ্যাট খাতে ১ লাখ ২৪ হাজার ৫৭৬ কোটি ও আয়কর খাতে ১ লাখ ৪ হাজার ৪১৩ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে। একক মাস হিসেবে শুধু মে মাসে তিন খাত মিলিয়ে মোট রাজস্ব আহরণ হয়েছে ৩২ হাজার ১৮২ কোটি টাকা। তার মধ্যে কাস্টমস খাতে ৯ হাজার ৪৬১ কোটি, ভ্যাটখাতে ১৩ হাজার ৩৭৪ কোটি ও আয়কর খাতে ৯ হাজার ৩৪৭ কোটি টাকার রাজস্ব আহরণ করেছে এনবিআর।

একক মাস হিসেবে এর আগের মাস শুধু এপ্রিলে রাজস্ব আহরণ হয়েছিল ৩০ হাজার ৭৭০ কোটি টাকা। ওই মাসে আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৫৮০ কোটি ৫২ লাখ টাকা।

আগামী ৫-১৪ জুন মোট ১০ দিন সরকারি ছুটি রয়েছে। ঈদকে ঘিরে এ ছুটিতে সরকারি বেশিরভাগ অফিসের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংক, পুঁজিবাজার ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে, কাস্টমস হাউজগুলো ঈদের দিন ছাড়া বাকি ৯ দিন তাদের সেবা চালু রাখবে। সে হিসাবে কাস্টমস খাত থেকে রাজস্ব আহরণ হলেও ভ্যাট ও আয়কর খাত থেকে রাজস্ব আহরণ নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

আরও