বিশ্বের বৃহত্তম আসবাব বিক্রেতা প্রতিষ্ঠান আইকিয়ার বিক্রি কমেছে। দুর্বল ভোক্তা আস্থা ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আগামী বছরও প্রতিষ্ঠানটির আয় ও মুনাফায় চাপ অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্ভূত পরিস্থিতিতে বিক্রি বাড়াতে পণ্যের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সুইডিশ ব্র্যান্ডটির মালিকানা প্রতিষ্ঠান ইন্টার আইকিয়া। তবে এ কৌশলের সুফল পেতে কয়েক বছর সময় লাগতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। খবর এফটি।
ইন্টার আইকিয়ার শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত আগস্টে শেষ হওয়া অর্থবছরে বিশ্বের ৫১৯টি বিক্রয় কেন্দ্র থেকে প্রতিষ্ঠানটির খুচরা বিক্রি হয়েছে ৪ হাজার ৩৮০ কোটি ইউরো। আগের অর্থবছরের তুলনায় বিক্রি কমেছে ২ শতাংশ। এ সময় চীন ও মধ্যপ্রাচ্যের বাজারে দুর্বল বিক্রির কারণে ইউরোপ ও লাতিন আমেরিকার প্রবৃদ্ধিও ম্লান হয়ে গেছে।
ইন্টার আইকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াকুব ইয়ানকোভস্কি বলেন, ‘গত বছর প্রতিষ্ঠানটির জন্য বেশ কঠিন ছিল। চলতি বছরও একই পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ বাজারের বর্তমান পরিস্থিতি খুব একটা অনুকূলে নেই।’
তিনি জানান, কভিড-১৯ মহামারীর পর থেকেই আইকিয়ার ব্যবসায় নানা চ্যালেঞ্জ তৈরি হয়। সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ও ভোক্তাদের ব্যয় করার প্রবণতা কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয় পরিবহন ব্যয় বৃদ্ধি। মহামারীর পর জাহাজ পরিবহনের খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দামও বাড়াতে হয় প্রতিষ্ঠানটিকে। এ পরিস্থিতিতে ২০২৩ সালে পণ্যের গড় বিক্রিমূল্য কমানোর সিদ্ধান্ত নেয় আইকিয়া। তবে সে উদ্যোগের প্রাথমিক প্রভাব পড়ে প্রতিষ্ঠানের আয়ে। একই সময়ে মুনাফাও প্রায় অর্ধেকে নেমে আসে।
বিক্রি বাড়াতে গত সেপ্টেম্বরে নতুন করে এক হাজারের বেশি পণ্যের দাম কমানোর উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। জনপ্রিয় বিলি বুকশেলফ ও কালাক্স স্টোরেজ ইউনিটের মতো পণ্যের দাম ১৫-২৫ শতাংশ কমানো হয়। ইউরোপের ২০টির বেশি দেশে এসব মূল্যছাড় কার্যকর হয়।