সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির বিক্রি ও মুনাফা কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে সমাপ্ত ২০২৪ হিসাব বছরে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় হয়েছে ৮ টাকা ১৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৮৭ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২০ মে সকাল ১০টা ৩০ মিনিটে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ জুন।
এছাড়া চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বিক্রি হয়েছে ৪২৯ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৮০ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ১০ দশমিক ৬৩ শতাংশ। আলোচ্য সময়ে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৬৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৩৯ কোটি ৩২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা কমেছে ৫০ শতাংশের বেশি।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ইপিএস হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৯৬ পয়সায়। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৬ টাকা ৫৫ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৮ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ১৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৭ টাকা ২০ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে হাইডেলবার্গের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় হয়েছিল ৮ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬০ টাকা ৭ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানির ইপিএস হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল টাকা ৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৬৬ টাকা ৬০ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৯ টাকা ৬২ পয়সায়।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হাইডেলবার্গ সিমেন্ট। এর আগের হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ২০১৮ হিসাব বছরের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।