বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কায় ২০২৫ সালে অ্যালুমিনিয়ামের দাম কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। সোমবার প্রকাশিত এক নোটে প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের আর্থিক প্রবৃদ্ধি ধীর হওয়ার পূর্বাভাস এবং ট্রাম্প প্রশাসনের নতুন করে শুল্ক আরোপের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর রয়টার্স।
গোল্ডম্যান স্যাকস জানায়, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের গড় দাম টনপ্রতি ২ হাজার ডলারে নেমে আসতে পারে। তবে বছরের শেষ নাগাদ অর্থাৎ আগামী ডিসেম্বরে তা আবার ২ হাজার ৩০০ ডলারে পৌঁছতে পারে।
এর আগে ব্যাংকটি জানিয়েছিল, বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের গড় দাম পৌঁছতে পারে টনপ্রতি ২ হাজার ৬৫০ ডলারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিশ্বব্যাপী একাধিক নতুন শুল্ক আরোপ বা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক; যার লক্ষ্য মেক্সিকো, কানাডা, চীনসহ বিভিন্ন দেশ। উল্লেখ্য, অ্যালুমিনিয়াম একটি হালকা ও জং প্রতিরোধী ধাতু; যা পরিবহন, প্যাকেজিং, ইলেকট্রনিকসসহ বিভিন্ন খাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
গোল্ডম্যান স্যাকস জানায়, ২০২৫ সালে বৈশ্বিক অ্যালুমিনিয়াম বাজারে উদ্বৃত্ত থাকতে পারে ৫ লাখ ৮০ হাজার টন। তবে এর আগে দেয়া পূর্বাভাসে প্রতিষ্ঠানটি ৭৬ হাজার টন ঘাটতির পূর্বাভাস দিয়েছিল।
সর্বশেষ প্রতিবেদনে ব্যাংকটি ২০২৫ সালে বৈশ্বিক অ্যালুমিনিয়ামের চাহিদা বৃদ্ধির হার বার্ষিক ভিত্তিতে মাত্র ১ দশমিক ১ শতাংশ ও ২০২৬ সালে ২ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। আগে এ হার ছিল যথাক্রমে ২ দশমিক ৬ ও ২ দশমিক ৪ শতাংশ।
ব্যাংকটি বলছে, ২০২৫ সালের পর বিশ্বব্যাপী অ্যালুমিনিয়ামের দাম বাড়তে পারে। তবে পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় বৃদ্ধির হার কম হবে। এর পেছনে ভূমিকা রাখতে পারে ২০২৫-২৬ সালে অতিরিক্ত সরবরাহ।
গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে দাঁড়াতে পারে টনপ্রতি ২ হাজার ৭২০ ডলারে। আগে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল টনে ৩ হাজার ১০০ ডলার। ২০২৭ সালে ধাতব পণ্যটির গড় দাম হতে পারে টনপ্রতি ২ হাজার ৮০০ ডলার। সে সময় বৈশ্বিক বাজারে ৭ লাখ ২২ হাজার টনের ঘাটতি দেখা দেবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।