যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক

যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা তার বাণিজ্যনীতির আরেকটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা তার বাণিজ্যনীতির আরেকটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। খবর রয়টার্স।

এয়ার ফোর্স ওয়ানে করে নিউ অরলিন্সে এনএফএল সুপার বোলে যাওয়ার পথে রোববার সাংবাদিকদের ট্রাম্প এ তথ্য জানান।

তিনি আরো জানান, মঙ্গল বা বুধবার পারস্পরিক শুল্ক ঘোষণা করবেন, যা প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর হবে এবং এটি সব দেশের ওপর প্রযোজ্য হবে। যেখানে মার্কিন পণ্যের ওপর প্রতিটি দেশের ধার্য শুল্ক হার অনুযায়ী নতুন শুল্ক আরোপ হবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এটি খুবই সহজ, যদি তারা আমাদের ওপর শুল্ক ধার্য করে, আমরা তাদের ওপরও একই শুল্ক ধার্য করব।’

যুক্তরাষ্ট্রের ইস্পাত আমদানির প্রধান উৎস কানাডা, ব্রাজিল ও মেক্সিকো, এরপর দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের অবস্থান। এর মধ্যে কানাডা দেশটির প্রাথমিক অ্যালুমিনিয়ামের বৃহত্তম সরবরাহকারী, যা ২০২৪ সালের প্রথম ১১ মাসে মোট আমদানির ৭৯ শতাংশ ছিল।

ট্রাম্পের ঘোষণার পর কানাডার উদ্ভাবন বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে লেখেন, ‘কানাডিয়ান ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, জাহাজ নির্মাণ ও অটোমোবাইল শিল্পকে সমর্থন করে। আমরা কানাডা, আমাদের শ্রমিক ও শিল্পের জন্য লড়াই চালিয়ে যাব।’

ট্রাম্প তার প্রথম দফার শাসনামলে ইস্পাতের ওপর ২৫ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে কানাডা, মেক্সিকো ও ব্রাজিলের মতো কিছু বাণিজ্য অংশীদারকে শুল্কমুক্ত ছাড় দিয়েছিলেন। এরপর প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের সঙ্গে শুল্কমুক্ত কোটার ব্যবস্থা করেছিলেন। তবে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় এ ছাড় ও কোটার ভবিষ্যৎ কী হবে, তা স্পষ্ট নয়।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘‌ইউএস স্টিলে বিনিয়োগের অনুমতি পাবে জাপানের নিপ্পন স্টিল। তবে তারা সংখ্যাগরিষ্ঠ মালিকানা পাবে না।’

ট্রাম্প দীর্ঘদিন ধরে ইইউর ১০ শতাংশ অটোমোবাইল শুল্ক নিয়ে অভিযোগ করে আসছেন, যেখানে যুক্তরাষ্ট্র শুল্ক ২ দশমিক ৫ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রে প্রবেশে পিকআপ ট্রাককে ২৫ শতাংশ শুল্ক দিতে হয়, যা ডেট্রয়েটের অটোমোবাইল নির্মাতা জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের জন্য বড় মুনাফার উৎস।

আরও