এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ২০ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে গতকাল এ তথ্য জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ১-১৮ জুলাই পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ (১ দশমিক ৭৯ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে। সদ্যবিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ ডলার।
এছাড়া শুধু ১৬-১৮ জুলাই—এ তিনদিনেই দেশে এসেছে ১৬ কোটি ১০ লাখ ডলারের প্রবাসী আয়। এর আগে চলতি মাসের প্রথম পাঁচদিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার। মাসজুড়ে ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ অব্যাহত থাকায় ১৮ দিনের মাথায় মোট প্রবাসী আয় ১৭৯ কোটি ৮০ লাখ ডলারে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।
সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রণোদনার কারণে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা বজায় রয়েছে।
এ প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।