যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে ধীরগতি, ডলারের দরপতন ও সুদহার নিয়ে উদ্বেগ হ্রাস এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা কমার সম্ভাবনা এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ, যা চলতি বছরের জানুয়ারির পর এক সপ্তাহে সর্বোচ্চ। খবর রয়টার্স, দ্য বিজনেসলাইন ও আনাদোলু এজেন্সি।
গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৩৬ ডলার শূন্য ২ সেন্টে দাঁড়ায়, যা ১৭ জুনের পর সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ২৮৫ ডলার ৮৪ সেন্টে বেচাকেনা হলেও দিনশেষে তা ৪ হাজার ৩০০ ডলারের ঘর স্পর্শ করে। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম দশমিক ২ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৯৯ ডলার ৭০ সেন্টে লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের দুর্বল চিত্রই স্বর্ণের দাম বাড়ার মূল কারণ। প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান এডিপির তথ্যানুযায়ী, জুলাইয়ে দেশটিতে বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টির গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন শ্রম দপ্তরের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস জানিয়েছে, গত মাসে দেশটিতে কৃষিবহির্ভূত কর্মসংস্থান কমেছে ২৩ হাজার। হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং পরিচালক ডেভিড মেগার বলেন, ‘মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সেপ্টেম্বরের বৈঠকে সুদহার না বাড়ানোর সম্ভাবনা ৪৩ দশমিক ৯ শতাংশ ধরা হচ্ছে, যা কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে ছিল ৫৭ শতাংশ। অন্যদিকে আগামী মাসে ফেড সুদহার অপরিবর্তিত রাখবে, এমন সম্ভাবনা তথ্য প্রকাশের পর ৪৩ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৫৬ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।’
সাধারণ নিয়মে সুদহার বেশি থাকলে স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কিন্তু এবার সুদহার না বাড়ার সম্ভাবনার পাশাপাশি মার্কিন ডলার সূচক দুই মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। তাই নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা আবার বেড়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দাম ৩ শতাংশ, প্লাটিনামের ১ দশমিক ১ ও প্যালাডিয়ামের দামও দশমিক ৮ শতাংশ বেড়েছে।
এদিকে বিশ্ববাজারের দামের প্রভাব পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের কমলেও অপরিবর্তিত রয়েছে রৌপ্যের দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা।