চীনে আর্থিক প্রণোদনার প্রত্যাশায় বেড়েছে আকরিক লোহার দাম

ইস্পাত শিল্পে ব্যবহৃত কাঁচামাল আকরিক লোহার দাম গতকাল বেড়েছে।

ইস্পাত শিল্পে ব্যবহৃত কাঁচামাল আকরিক লোহার দাম গতকাল বেড়েছে। চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে নতুন প্রণোদনা আসবে, এমন প্রত্যাশা পণ্যটির মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া দেশটি থেকে সামনের দিনগুলোয় ইস্পাত রফতানি বাড়ার সম্ভাবনায়ও পণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চীনের অর্থনৈতিক তথ্যে মিশ্রপ্রবণতা থাকলেও এখানে প্রণোদনা আসার সম্ভাবনা আছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম ২ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮০৯ দশমিক ৫ ইউয়ানে (১১২ ডলার ৭৮ সেন্ট)। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহের চুক্তিতে দাম ২ দশমিক ৮১ শতাংশ বেড়ে পৌঁছায় প্রতি টনে ১০৩ ডলার ৬০ সেন্টে।

চীনে সুদহার অপরিবর্তিত রয়েছে। তবে বিনিয়োগকারীরা পলিট ব্যুরোর আসন্ন বৈঠকের ফলাফলের অপেক্ষায় আছেন। কারণ এ বৈঠকে বছরের বাকি সময়ের জন্য অর্থনৈতিক নীতিমালা নির্ধারণ হতে পারে।

চীনের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মাইস্টিল গ্লোবাল জানিয়েছে, প্রণোদনার আশায় ইস্পাতের দাম বেড়েছে। এছাড়া এতে মুনাফা বাড়ায় ইস্পাত কারখানাগুলো উৎপাদন বাড়িয়েছে। ১১-১৭ জুলাই চীনে ব্লাস্ট ফার্নেসের উৎপাদন সক্ষমতা এক সপ্তাহে দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

চীনের ব্রোকারেজ প্রতিষ্ঠান এভারব্রাইট ফিউচার্স বলছে, চীন থেকে ইস্পাত রফতানি বেড়েছে। এ কারণে আকরিক লোহার চাহিদাও শক্তিশালী।

আরও