মুনাফা কমলেও আয়ের পূর্বাভাস বাড়িয়েছে এইচএসবিসি

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসির কর-পূর্ব মুনাফা কমেছে ১৪ শতাংশ।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বহুজাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান এইচএসবিসির কর-পূর্ব মুনাফা কমেছে ১৪ শতাংশ। মূলত বার্নার্ড ম্যাডফের পনজি কেলেঙ্কারির মামলায় ১১০ কোটি ডলার জরিমানার দায়ে কোম্পানিটির মুনাফায় এ পতন দেখা যাচ্ছে । খবর রয়টার্স।

মুনাফায় বড় ধাক্কা সত্ত্বেও চলতি বছরের জন্য আয়ের পূর্বাভাস বাড়িয়েছে এইচএসবিসি। কোম্পানির মতে, হংকং ও যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ বাজারে সুদহার কর্তনের গতি ধীর হবে।

সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে এইচএসবিসির কর-পূর্ব মুনাফা দাঁড়িয়েছে ৭৩০ কোটি ডলারে, যা বিশ্লেষকদের পূর্বাভাসকৃত ৭৬৬ কোটি ডলারের তুলনায় কিছুটা কম। ম্যাডফ-সংক্রান্ত ক্ষতিপূরণের পাশাপাশি পুরনো লেনদেন কার্যক্রম নিয়ে আরো ৩০ কোটি ডলার আইনি খরচ গুনতে হয়েছে ব্যাংকটিকে।

এইচএসবিসির প্রধান নির্বাহী জর্জ এলহেডেরি বলেন, ‘পুরনো আইনি জটিলতা থাকা সত্ত্বেও আমাদের পরিকল্পনা বাস্তবায়ন ভালোভাবে এগোচ্ছে।’

এ ঘোষণার পর হংকং শেয়ারবাজারে এইচএসবিসির শেয়ারদর বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।

২০২৫ সালে তাদের নিট সুদ আয় প্রায় ৪ হাজার ৩০০ কোটি ডলার হবে বলে আশা করছে ব্যাংকটি, যা জুনে দেয়া পূর্বাভাসের তুলনায় ১০০ কোটি ডলার বেশি। পাশাপাশি তারা রিটার্ন অন ইকুইটির লক্ষ্যমাত্রা ১৫ শতাংশ বা এর বেশি নির্ধারণ করেছে। অবশ্য ব্যাংকটির সামনে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। চীনের ব্যাংক খাতে বিনিয়োগে বড় অংকের লোকসান এবং হংকংয়ের বাণিজ্যিক সম্পত্তি খাতে ঋণ বাবদ ক্ষতির পরিমাণ বেড়েছে।

দায়িত্ব নেয়ার পর থেকে জর্জ এলহেডেরি ব্যাংকটিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন। কম লাভজনক ১১টি বাজার থেকে সরে গিয়ে শক্তিশালী আর্থিক অঞ্চলে বিনিয়োগ বাড়াচ্ছেন তিনি। সম্প্রতি ১ হাজার ৩৬০ কোটি ডলারে হ্যাং সেং ব্যাংকের বাকি শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে এইচএসবিসি।

আরও