বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে বিইউবিটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. সলিমুল্লাহ খান।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা শুধু স্বাধীনতা অর্জন করিনি, বরং জাতীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সৃষ্টি করেছি।’ জাতীয় জীবনে সত্য ও অসত্যের পার্থক্য নিরূপণ এবং অসত্যকে ত্যাগ করার কথা বলেন তিনি। ড. সলিমুল্লাহ খান বিভিন্ন দেশের রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন যা ইতিবাচক বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গির উন্নত দেশ গঠনে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ। তিনি বলেন, ‘আজকের এ দিন আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং দেশের প্রতি দায়বদ্ধতা প্রকাশের দিন।’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সামশুল হুদা, এফসিএ। তিনি বলেন, ‘আমাদের স্বাধীনতা আমাদের অহংকার। এর সঠিক মূল্যায়ন ও সংরক্ষণ আমাদের দায়িত্ব।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টা, ছাত্র বিষয়ক কমিটি, অধ্যাপক মিঞা লুৎফার রহমান। সভাপতিত্ব করেন ব্যবসায় ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিইউবিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং তার জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিইউবিটির বিভিন্ন অনুষদের ডীন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।- বিজ্ঞপ্তি