ডিলারদের ওপর কোটা চাপিয়ে দেয়ায় জাপানে হার্লে-ডেভিডসনকে জরিমানা

স্থানীয় ইউনিটকে অতিরিক্ত বিক্রি লক্ষ্য বা কোটা চাপিয়ে দেয়ায় মোটরসাইকেল কোম্পানি হার্লে-ডেভিডসনকে প্রায় ২১ কোটি ১০ লাখ ইয়েন বা ১ লাখ ৪৩ হাজার ডলারের সমতুল্য জরিমানা করেছে জাপানের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা।

স্থানীয় ইউনিটকে অতিরিক্ত বিক্রি লক্ষ্য বা কোটা চাপিয়ে দেয়ায় মোটরসাইকেল কোম্পানি হার্লে-ডেভিডসনকে প্রায় ২১ কোটি ১০ লাখ ইয়েন বা ১ লাখ ৪৩ হাজার ডলারের সমতুল্য জরিমানা করেছে জাপানের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থা। খবর জাপান টুডে।

অভিযোগে বলা হচ্ছে, জাপানের অ্যান্টিমোনোপলি আইন লঙ্ঘন করেছিল হার্লে-ডেভিডসন। জরিমানার পাশাপাশি কোটাসংক্রান্ত নিয়ম বন্ধের নির্দেশ দিয়েছে জাপান ফেয়ার ট্রেড কমিশন। এ নিয়মের কারণে অনেক ডিলার বাহনের মালিক হিসেবে নিজেদের নাম নিবন্ধনে বাধ্য হয়েছিলেন, নইলে তাদের বিক্রি লক্ষ্য পূরণ হতো না।

নিজেদের নামে নিবন্ধিত বাহনকে ‘প্রায় নতুন’ হিসেবে প্রচার করতেন ডিলাররা। এতে মোটরসাইকেলের দাম কমে যেত, যার প্রভাব পড়ত মুনাফায়। কিন্তু হার্লে-ডেভিডসন জাপানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে এর কোনো বিকল্প ছিল না ডিলারদের সামনে।

কমিশনের তথ্যানুসারে, ২০২৩ সালের জানুয়ারি থেকে পরের বছরের আগস্ট পর্যন্ত একতরফাভাবে ৩৮টি ডিলারের ওপর বিক্রয় কোটা চাপিয়ে দিয়েছিল হার্লে-ডেভিডসন। এসব ডিলাররা লক্ষ্য পূরণে ব্যর্থ হলে জবাবদিহি ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বাধ্য হতো। প্রতি বছরের জানুয়ারিতে ডিলারদের সামনে প্রস্তাবিত কোটাসহ একটি চুক্তি পেশ করত হার্লে-ডেভিডসন এবং তাতে স্বাক্ষর করতে বাধ্য করত বলে জানানো হয় অভিযোগে।

২০২৩ সালের হার্লে-ডেভিডসন জাপান বিক্রি লক্ষ্য ৩০ শতাংশ বাড়ায়। পরের বছর তা ৩৮ শতাংশে উন্নীত করে। তবে এসব লক্ষ্য কোটার ভিত্তিতে নির্ধারণ হয়েছিল কিনা জানা যায়নি। তখন ডিলারদের অনুরোধে কোম্পানি বিক্রি লক্ষ্য কমাতে অস্বীকৃতি জানিয়েছিল।

কমিশন জানিয়েছে, কোটা বিদ্যমান থাকায় ডিলারদের নামে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের হার ২০২৩ সালে দাঁড়িয়েছিল প্রায় ২৯ শতাংশ। ২০২৪ সালের জানুয়ারি-আগস্টে পৌঁছে প্রায় ৩৪ শতাংশ।

হার্লে-ডেভিডসন জাপান বলছে, কমিশনের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে তারা। এছাড়া স্বেচ্ছায় অভ্যন্তরীণ সমীক্ষার মাধ্যমে সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছে।

জাপান অটোমোবাইল ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন নিবন্ধিত ছোট আমদানীকৃত মোটরসাইকেলের বাজারে ৩৩ দশমিক ৩ শতাংশ হিস্যা ছিল হার্লে-ডেভিডসনের, যা ছিল ২০২০ সাল থেকে পঞ্চমবারের মতো শীর্ষ অবস্থান।

আরও