দেশের সড়ক পরিবহন খাতে বিশ্বসেরা প্রযুক্তির পরিবেশ ও জ্বালানিবান্ধব গাড়ি আমদানি এবং বিপণন কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন গাড়ি আমদানি ও বিপণনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) প্রতিনিধিরা। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল আয়োজিত এ বৈঠকে বারভিডা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি আবদুল হক। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বারভিডা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে ব্যবসায়ী নেতারা গাড়ি আমদানি বাণিজ্যের বিভিন্ন দিক সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি আমদানি কার্যক্রমে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বারভিডা কর্তৃক উপস্থাপিত বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
বৈঠকে অংশ নেয়া বারভিডা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সংগঠনের মহাসচিব রিয়াজ রহমান, সাবেক মহাসচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, সহসভাপতি-১ সাইফুল ইসলাম সম্রাট, যুগ্ম মহাসচিব সৈয়দ জগলুল হোসেন এবং প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সচিব এসএম মনসুরুল কবির লিংকন।