ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানিশ ড্রিম নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গতকাল বন্দরে আসা এটাই প্রথম চাল বোঝাই জাহাজ। ২৪ হাজার ৬৯০ টন চাল নিয়ে আসা জাহাজটি থেকে নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা-নিরীক্ষা শেষে নিয়মিত প্রক্রিয়ায় খালাস করা হবে। এর আগে ২২ ডিসেম্বর জাহাজটি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে রওনা করে।
চট্টগ্রাম জেলা খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বণিক বার্তাকে জানান, উন্মুক্ত দরপত্রের আওতায় ভারত থেকে আমদানীকৃত ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানিশ ড্রিম জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এটি অন্তর্বর্তী সরকারের আমলে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানীকৃত চালের প্রথম চালান। এ চাল পরীক্ষার প্রয়োজনীয় কার্যক্রম শেষে খালাসের প্রক্রিয়া শুরু হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, উন্মুক্ত দরপত্রের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ভারত থেকে সর্বমোট ৫০ হাজার টন চাল সরবরাহ করবে। এর মধ্যে প্রথম দফায় ২৪ হাজার ৬৯০ টন চাল এসেছে। বাকি চাল জানুয়ারির প্রথম সপ্তাহে চট্টগ্রামে এসে পৌঁছাবে।