ক্যাপিটাল ওয়ান ও ডিসকভার একীভূতকরণে বড় বাধা কেটেছে

যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল ওয়ান ও ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রস্তাবিত একীভূতকরণ চুক্তিটি দেশটির প্রধান দুটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল ওয়ান ও ডিসকভার ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রস্তাবিত একীভূতকরণ চুক্তিটি দেশটির প্রধান দুটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ক্রেডিট কার্ড কোম্পানি গঠনের পথ সুগম হয়েছে। খবর সিএনএন।

মার্কিন ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নরস ও অফিস অব দ্য কম্পট্রোলার অব দ্য কারেন্সি (ওসিসি) শুক্রবার এক ঘোষণায় এ চুক্তিতে অনুমোদন দেয়। প্রায় এক বছর আগে ঘোষিত ‘অল-স্টক’ বা সম্পূর্ণ শেয়ারভিত্তিক চুক্তির আওতায় ক্যাপিটাল ওয়ান সম্পূর্ণরূপে ডিসকভারকে অধিগ্রহণ করবে।

তবে শর্তসাপেক্ষে এ অনুমোদন দেয়া হয়েছে। ক্যাপিটাল ওয়ানকে অবশ্যই ডিসকভার ব্যাংকের বিরুদ্ধে স্থানীয় নিয়ন্ত্রক সংস্থার নেয়া ব্যবস্থামূলক পদক্ষেপের পেছনের কারণ খুঁজে বের করে একটি সমাধান পরিকল্পনা ও ক্ষতিপূরণ কার্যক্রমের খসড়া ওসিসিকে জমা দিতে হবে।

চুক্তির ফলে জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা ও সিটিগ্রুপের মতো বৃহৎ প্রতিষ্ঠানের সঙ্গে শক্ত প্রতিযোগিতায় নামতে পারবে ক্যাপিটাল ওয়ান। যদিও এসব আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ড ইস্যু করে, তারা নিজেরা লেনদেন প্রক্রিয়াজাত করে না। এটিকে দেখা হচ্ছে ডিসকভারের একটি বড় সুবিধা হিসেবে। ডিসকভার অধিগ্রহণের মাধ্যমে ক্যাপিটাল ওয়ান মার্চেন্ট ফি থেকে নতুন আয়ের উৎস পাবে।

ডিসকভার গ্রাহকের জন্য এটি ইতিবাচক হলেও কিছু ঝুঁকিও রয়েছে। ক্যাপিটাল ওয়ান ঐতিহাসিকভাবে অপেক্ষাকৃত কম ক্রেডিট স্কোরধারী (৬০০-এর আশপাশে) গ্রাহককে লক্ষ্য করে পরিকল্পনা সাজায়, যারা তুলনামূলক বেশি সুদে ঋণ নেন। এতে কিছু গ্রাহকের জন্য সুদহার বাড়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ফেডারেল রিজার্ভ ডিসকভারের সঙ্গে একটি সম্মতিপত্রে সই করেছে এবং ২০০৭-২৩ সাল পর্যন্ত অতিরিক্ত ইন্টারচেঞ্জ ফি আদায়ের জন্য প্রতিষ্ঠানটিকে ১০ কোটি ডলার জরিমানা করেছে।

বিশ্লেষকদের মতে, বাইডেন প্রশাসনের অধীনে যেহেতু প্রতিযোগিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়, সেখানে এ চুক্তির অনুমোদনের সম্ভাবনা কম ছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একীভূতকরণ-সহায়ক বলে বিবেচিত হওয়ায় গত নভেম্বরের নির্বাচনের পর পরই ক্যাপিটাল ওয়ান ও ডিসকভারের শেয়ারের দাম বেড়ে যায়।

চুক্তিটি আগামী দিনে যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও