সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগে করছে প্রাণ-আরএফএল

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদনে বিনিয়োগ করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ-আরএফএল। মৌলভীবাজারের গোবিন্দপুর এলাকায় প্রতিষ্ঠানটির সমন্বিত কৃষি খামারে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পটির মূল উদ্দেশ্য সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানির উৎস তৈরি করা।

সম্প্রতি ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে এ প্রকল্প নিয়ে প্রাণ-আরএফএল, সুইডেনভিত্তিক খ্যাতনামা পোশাক ব্র্যান্ড এইচঅ্যান্ডএম ও আন্তর্জাতিক দাতা সংস্থা আইএফসির (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন) মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

চুক্তিতে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, এইচঅ্যান্ডএমের পক্ষে হেড অব সাসটেইনেবিলিটি ফর প্রোডাকশন ইউসেফ এল নাটুর এবং আইএফসির এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক বিক্রম কুমার।

এ চুক্তির আওতায় প্রাণ-আরএফএল উৎপাদিত সৌরবিদ্যুৎ কিনবে এইচঅ্যান্ডএমকে পোশাক সরবরাহকারী বাংলাদেশী পোশাক নির্মাতারা। প্রকল্পে অর্থায়ন করবে আইএফসি।

প্রাণ-আরএফএল চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, একটি সুন্দর ও সবুজ ভবিষ্যতের লক্ষ্যেই আমাদের এ বিনিয়োগ। আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের পাশে থাকতে চাই। বিশ্বের মতো আমরাও নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছি। গোবিন্দপুরের প্রায় ১০০০ বিঘা জমিতে সৌর প্যানেল স্থাপন করে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সরকারকে বিদ্যুৎ সরবরাহ ও ক্রয়ের ক্ষেত্রে নীতিগত সহায়তা দিতে হবে।

তিনি বলেন, প্রাণ-আরএফএল গ্রুপ এরই মধ্যে নিজেদের একটি টেকসই লক্ষ্য নির্ধারণ করেছে। আর এ বিনিয়োগ তারই প্রতিশ্রুতি রক্ষা করার অংশ। এটি শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং দেশের পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। —বিজ্ঞপ্তি

আরও