বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের বীমা সুরক্ষা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। এ অংশীদারত্বের আওতায় কর্মী ও তাদের নির্ভরশীলরা দুর্ঘটনা, অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষার পাশাপাশি ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন চিকিৎসা বীমা সুবিধা পাবেন। সম্প্রতি এক অনুষ্ঠানে পেপসিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রণব মেহতা এবং মেটলাইফ বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। জীবন বীমা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা যায়, দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, গ্রাহকভিত্তিক বীমা সমাধান, আধুনিক ডিজিটাল ড্যাশবোর্ড, ক্যাশলেস হাসপাতালে ভর্তি ও অ্যাম্বুলেন্স সেবা এবং আর্থিকভাবে শক্তিশালী অবস্থানের কারণে পেপসিকো তাদের বীমা প্রদানকারী হিসেবে মেটলাইফকে নির্বাচন করেছে। এসব সুবিধা দ্রুত ও ঝামেলামুক্তভাবে বীমা দাবি পরিশোধে সহায়তা করে।
জীবন বীমা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালে মেটলাইফ ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। উভয় ক্ষেত্রেই এ পরিমাণ দেশের জীবন বীমা শিল্পে সর্বোচ্চ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পেপসিকো বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান পেপসিকোর বাংলাদেশভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান। পেপসি, সেভেন আপ, মাউন্টেন ডিউ, মিরিন্ডা, লে’স, কুরকুরে, অ্যাকুয়াফিনা ও কোয়াকার ওটসসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানটি।