দুই মাসের সর্বোচ্চ থেকে কিছুটা কমেছে অ্যারাবিকা কফির দাম

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অ্যারাবিকা কফির দাম টানা বেড়ে দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছিল।

ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অ্যারাবিকা কফির দাম টানা বেড়ে দুই মাসের সর্বোচ্চে পৌঁছেছিল। গত বুধবার তা কিছুটা কমে এসেছে। খবর বিজনেস রেকর্ডার।

আইসিইতে বুধবার অ্যারাবিকা কফির দাম দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ৩ ডলার ৫৬ সেন্টে। এর আগে তা বেড়ে পাউন্ডপ্রতি ৩ ডলার ৫৯ সেন্টে পৌঁছেছিল।

বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর এখন কফির বাজারে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা দিয়েছে। ফলে বিক্রয়চাপ বেড়ে দাম কমে এসেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এর আগে দাম বাড়ার পেছনে মূল ভূমিকা রেখেছে বিকল্প সরবরাহ নিশ্চিতের তাগিদে বাজারে মজুদ কমে যাওয়া। সম্প্রতি ব্রাজিলীয় কফি আমদানিতে যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক আরোপের পর বাজারে এ চাপ তৈরি হয়েছে।

তবে চলতি সপ্তাহে মজুদ আবারো কিছুটা বাড়তে শুরু করেছে। ১৪ আগস্ট মজুদ নেমে এসেছিল ৭ লাখ ২৬ হাজার ৬৬১ ব্যাগে।

১৯ আগস্ট তা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৫৭৩ ব্যাগে। এর বেশির ভাগই এসেছে হন্ডুরাস থেকে। পাশাপাশি মেক্সিকো থেকেও এ সময় কফির সরবরাহ কিছুটা বেড়েছে।

আরও