গত বছর সবচেয়ে বেশি সোলার প্যানেল আমদানি করেছে পাকিস্তান। ফলে দেশটি বিশ্বের শীর্ষ সৌরশক্তির বাজারে পরিণত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এম্বার প্রকাশিত ‘গ্লোবাল ইলেকট্রিসিটি রিভিউ ২০২৫’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মতো দুই হাজার টেরাওয়াট ঘণ্টা (টিডব্লিউএইচ) ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৪৭৪ টিডব্লিউএইচ বা ২৯ শতাংশ বেশি। উল্লেখযোগ্য পরিমাণে এ বিদ্যুৎ উৎপাদন ২০২৪ সালে যেকোনো উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি। সৌরবিদ্যুৎ উৎপাদনে টানা তৃতীয় বছরের মতো বিশ্বে সর্বোচ্চ পরিমাণে নতুন বিদ্যুৎ সংযোজন ঘটেছে।
পাকিস্তান ২০২৪ সালে ১৭ গিগাওয়াট (জিডব্লিউ) সৌর প্যানেল আমদানি করেছে, যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণ। উচ্চমূল্যের বিদ্যুৎ ও ব্যক্তিমালিকানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর ব্যয়বহুল চুক্তির কারণে দেশটিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ পদ্ধতির জনপ্রিয়তা বাড়ছে। ফলে এক বছরের মধ্যেই পাকিস্তান বিশ্বের অন্যতম বড় সৌরশক্তির বাজারে পরিণত হয়েছে।
সৌদি আরব একই বছরে ১৬ গিগাওয়াট সোলার প্যানেল আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। মধ্যপ্রাচ্যের মধ্যে ওমান সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখিয়েছে। দেশটি ২০২৪ সালে ২ দশমিক ৫ গিগাওয়াট সক্ষমতার সমপরিমাণ সোলার প্যানেল আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণ বেশি।
আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা ৩ দশমিক ৮ গিগাওয়াটের সোলার প্যানেল আমদানি করেছে, যা দেশটির বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যার বিকল্প সমাধান হিসেবে দেখা হচ্ছে। এছাড়া নাইজেরিয়া ও মরক্কো প্রথমবারের মতো এক গিগাওয়াটের বেশি সোলার প্যানেল আমদানি করেছে। দেশ দুটি যথাক্রমে ১ দশমিক ৩ ও ১ দশমিক ১ গিগাওয়াটের সোলার প্যানেল আমদানি করেছে।
বিশ্বের ৯৯টি দেশ গত পাঁচ বছরে দ্বিগুণ সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডির সদস্য নয় এমন দেশগুলো বিশ্বের মোট সৌরবিদ্যুৎ উৎপাদনের ৫৮ শতাংশ উৎপাদন করে। এর মধ্যে চীন একাই করে ৩৯ শতাংশ।
২০২৪ সালে বিশ্বে রেকর্ড ৫৮৫ গিগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ অবকাঠামো যুক্ত হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি ও ২০২২ সালের তুলনায় দ্বিগুণ। সৌরশক্তির অভূতপূর্ব এ প্রবৃদ্ধি ইতিহাসে অন্য কোনো জ্বালানি উৎসের ক্ষেত্রে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালে বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির হিস্যা দাঁড়ায় ৬ দশমিক ৯ শতাংশে। বর্তমানে ২১টি দেশ তাদের মোট বিদ্যুতের ১৫ শতাংশের বেশি সৌরশক্তি থেকে উৎপাদন করছে। পাঁচ বছর আগেও এ সংখ্যা ছিল মাত্র তিনটি।