শেয়ারবাজারে পতন

‘ট্রিলিয়নেয়ার’ খেতাব হারানোর ঝুঁকিতে ইলোন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলোন মাস্কের সম্পদ এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেছে।

মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ও বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারদর কমেছে গতকাল। বিশ্লেষকদের মতে, এতে তার সম্প্রতি পাওয়া ‘ট্রিলিয়নেয়ার’ বা লাখো কোটি ডলারের মালিকের খেতাবটি এখন ঝুঁকির মুখে পড়েছে। খবর দ্য গার্ডিয়ান।

স্পেসএক্স চলতি মাসেই শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর পরই বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হিসেবে নাম লেখান ইলোন মাস্ক। তবে গত সোমবার শেয়ারবাজারে স্পেসএক্সের শেয়ারদর ১৬ শতাংশ কমে যায়। ফলে মাস্কের মোট সম্পদ কমে ১ দশমিক ১ ট্রিলিয়ন বা ১ লাখ ১০ হাজার কোটি ডলারে নেমে আসে।

মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাব অনুযায়ী, শুধু সোমবারের পতনেই ইলোন মাস্কের সম্পদ থেকে ১৫ হাজার ২০০ কোটি ডলারের বেশি মুছে গেছে।

স্পেসএক্সের শেয়ারদর গতকাল প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৬ ডলারে নামে। ১২ জুন শুরুর মূল্য ১৫০ ডলারের চেয়ে এ দাম কিছুটা বেশি হলেও গত সপ্তাহের সর্বোচ্চ ২২৫ ডলারের তুলনায় অনেক কম। এদিকে কোম্পানিটির আইপিও বা প্রাথমিক গণপ্রস্তাব ছিল ১৩৫ ডলার।

শেয়ারদর কমায় গত এক সপ্তাহে স্পেসএক্সের বাজারমূল্য প্রায় ১ লাখ কোটি ডলার কমে গেছে। সর্বোচ্চ অবস্থানে থাকাকালে কোম্পানিটির মূল্য ছিল প্রায় ২ লাখ ৯৯ হাজার কোটি ডলার, যা কমে ২ লাখ কোটি ডলারে নেমেছে।

আর্থিক বিশ্লেষণ প্রতিষ্ঠান এজে বেলের প্রধান ড্যানি হিউসন বলেন, ‘আইপিও বা শেয়ারবাজারে আসার পর যেকোনো কোম্পানির শেয়ারে এমন ওঠানামা বা অস্থিরতা দেখা দিতে পারে। অনেকে দ্রুত লাভ তুলে নিতে শেয়ার বিক্রি করে দেন, আবার অনেকে সঠিক দামের জন্য অপেক্ষা করেন। স্পেসএক্সের মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকে আবেগ থেকে বিনিয়োগ করেন। তবে বিপুল অংকের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরা উচিত।’

স্পেসএক্সের পাশাপাশি গতকাল টেসলার শেয়ারদরও ৫ দশমিক ৮ শতাংশ কমেছে। মূলত বিশ্ববাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতের শেয়ারের বড় পতনের কারণে প্রযুক্তি খাতের অংশ হিসেবে টেসলাও এ লোকসানের মুখে পড়েছে।

আরও