ইউরোপে গত মাসে নতুন গাড়ি বিক্রি বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। বিদ্যুচ্চালিত ও হাইব্রিড গাড়ি বিক্রি বাজারের সামগ্রিক এ উত্থানে বড় ধরনের ভূমিকা রেখেছে। ইউরোপিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (এসিইএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত পেট্রল ও ডিজেলচালিত গাড়ির বিক্রি কমলেও ইভির প্রতি ক্রেতা আগ্রহ দ্রুত বাড়ছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য এবং ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনভুক্ত দেশগুলোয় অক্টোবরে সম্মিলিতভাবে ১০ লাখ ৯২ হাজার নতুন গাড়ি বিক্রি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ বেশি। জার্মানি ও যুক্তরাজ্যসহ প্রধান বাজারগুলোয় গাড়ি নিবন্ধন বাড়ায় মোট বিক্রি বেড়েছে।
গত মাসে গাড়ি প্রস্তুতকারক বড় কোম্পানিগুলোর বিক্রি বেড়েছে। ফক্সওয়াগনের বিক্রি বেড়েছে ৬ দশমিক ৫ শতাংশ, স্টেলান্টিসের ৪ দশমিক ৬ এবং রেনোঁর ১০ দশমিক ৬ শতাংশ। যদিও জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে স্টেলান্টিসের মোট বিক্রি এখনো ২০২৪ সালের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ কম। ইভির বাজারে বড় ধাক্কা খেয়েছে মার্কিন প্রতিষ্ঠান টেসলা। অক্টোবরে কোম্পানিটির গাড়ি বিক্রি গত বছরের তুলনায় কমেছে প্রায় ৪৮ দশমিক ৫ শতাংশ। বিপরীতে ইউরোপের বাজারে চীনা প্রতিষ্ঠান বিওয়াইডির বিক্রি বেড়েছে ২০৬ দশমিক ৮ শতাংশ। ফলে তাদের বাজার হিস্যা দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট থেকে বেড়ে ১ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে। চীনা মালিকানাধীন এসএআইসি মোটরের গাড়ির নিবন্ধনও বেড়েছে ৩৫ দশমিক ৯ শতাংশ।
ইভি ছিল অক্টোবরে ইউরোপীয় বাজারে বিক্রি প্রবৃদ্ধির মূল চালক। ব্যাটারিচালিত ইভি, প্লাগ–ইন হাইব্রিড ও হাইব্রিড গাড়ি মিলিয়ে ইইউতে মোট নিবন্ধনের ৬৩ দশমিক ৯ শতাংশ হিস্যা দখল করে রেখেছে।
দেশভিত্তিক হিসেবে জার্মানিতে গাড়ি বিক্রি বেড়েছে ৭ দশমিক ৮ শতাংশ, যুক্তরাজ্যে দশমিক ৫, স্পেনে ১৫ দশমিক ৯ ও ফ্রান্সে ২ দশমিক ৯ শতাংশ। তবে ইতালিতে নতুন গাড়ি বিক্রি কমেছে দশমিক ৫ শতাংশ।