আমদানি কমায় সাতক্ষীরায় বেড়েছে জিরার বাজারদর

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চল‌তি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জিরা আমদানি কমেছে ৩৫৬ টন।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চল‌তি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) জিরা আমদানি কমেছে ৩৫৬ টন। আমদানি কমে যাওয়ায় অঞ্চলটিতে মসলাপণ্যটির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

গতকাল সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রি প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টো‌রে ভারত থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরার খুচরা দাম ছিল ৬৩০-৬৪০ টাকা। এ সময় সি‌রিয়া ও তুরস্ক থেকে আমদানীকৃত প্রতি কেজি জিরা বি‌ক্রি হয় ৮৪০-৮৫০ টাকায়। এ বিষয়ে প্রতিষ্ঠান‌টির প‌রিচালক আবদুল হা‌কিম জানান, আমদা‌নি ক‌মে যাওয়ায় খুচরা বাজা‌রে সব ধরনের জিরার দাম কেজিপ্রতি ৫০-৬০ টাকা পর্যন্ত বে‌ড়েছে।

এদিকে ভোমরা শুল্ক স্টেশ‌নের রাজস্ব শাখা থেকে জানা গে‌ছে, চল‌তি অর্থবছ‌রের জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে মোট ৮৬১ টন জিরা আমদানি হয়। যার মূল্য ছিল ৩৬ কো‌টি ৪৬ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় এ বন্দর দিয়ে ৫২ কো‌টি ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার ২১৭ টন জিরা আমদানি হয়।

সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ ব‌ণিক বার্তা‌কে বলেন, ‘ভোমরা স্থলবন্দর দিয়ে আমদা‌নি কমে যাওয়ায় সম্প্রতি জিরার দাম কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়‌লে দাম নিয়ন্ত্রণে আস‌বে।’

আরও